মালদহের মোথাবাড়িতে গাড়ির ওপর উঠে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে অবশেষে সিআইডির (CID) জালে ধরা পড়লেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) নেতা মোফাক্কেরুল ইসলাম। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করে রাজ্য গোয়েন্দা সংস্থা।
ঘটনার সূত্রপাত মোথাবাড়িতে একটি জমায়েতকে কেন্দ্র করে। অভিযোগ, সেখানে একটি গাড়ির ছাদে উঠে সাধারণ মানুষকে উত্তেজিত করার মতো বক্তব্য রেখেছিলেন মোফাক্কেরুল। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করলেও তিনি গা ঢাকা দিয়েছিলেন। তদন্তকারী সংস্থার দাবি, গ্রেফতারি এড়াতে তিনি পালানোর চেষ্টা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি আধিকারিকরা বাগডোগরা বিমানবন্দরে ওত পেতে ছিলেন এবং বিমানে ওঠার আগেই তাঁকে পাকড়াও করা হয়।
রাজ্যে নির্বাচনের মুখে এই ধরনের উস্কানিমূলক আচরণ দমনে কঠোর অবস্থান নিয়েছে কমিশন ও পুলিশ। মোফাক্কেরুলকে জেরা করে এই ঘটনার পিছনে আর কারও মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ধৃত নেতাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে মালদহে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।





