রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা আগামী ৪ মে। অথচ আইএসএলের প্রাথমিক সূচিতে ইস্ট-মোহন বড় ম্যাচের দিন ছিল ৩ মে। স্বাভাবিকভাবেই ফল প্রকাশের আগের সন্ধ্যায় ডার্বির মতো হাই-ভোল্টেজ ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া অসম্ভব। এই নিরাপত্তাজনিত কারণেই বৃহস্পতিবার ফুটবল ফেডারেশন ডার্বি-সহ মোট সাতটি ম্যাচের নতুন সূচি ঘোষণা করল।
নতুন সূচি অনুযায়ী, ৩ মে-র বদলে আগামী ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে মরসুমের একমাত্র কলকাতা ডার্বি। বাঙালির আবেগের এই ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়। তবে শুধু ডার্বি নয়, লাল-হলুদের মোট চারটি এবং মোহনবাগানের একটি ম্যাচের সূচি বদলেছে। মোহনবাগান বনাম ইন্টার কাশী ম্যাচটি ২৬ এপ্রিলের বদলে হবে ১২ মে। অন্যদিকে, দ্বিতীয় দফা ভোটের আগের দিন কলকাতায় ম্যাচ করা অসম্ভব হওয়ায় ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচটি কলকাতা থেকে সরিয়ে গোয়ার ফতোরদায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচটি ৮ মে-র পরিবর্তে এগিয়ে আনা হয়েছে ৫ মে। নির্বাচনী নির্ঘণ্টের চাপে আইএসএলের এই মেগা সূচি বদল ফুটবল প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসানকে আরও কিছুটা দীর্ঘায়িত করল।





