পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে প্রার্থী তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপি সূত্রের খবর, তারা সব আসনে একসঙ্গে নয়, বরং কয়েকটি পর্যায়ে প্রার্থী তালিকা প্রকাশ করবে। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দীর্ঘ বৈঠকের পর প্রথম দফার প্রায় ১৫০টি আসনের জন্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পালের মতো শীর্ষস্থানীয় নেতাদের নাম তালিকায় চূড়ান্ত রয়েছে। বিজেপির বর্তমান বিধায়কদের অধিকাংশই পুনরায় টিকিট পাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। তবে খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাঁর জায়গায় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এছাড়া, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী করার বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে।
পাহাড়ের আসন এবং নতুন মুখদের নির্বাচন নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বিশেষ নজর দিচ্ছে। নির্বাচনের আগে দলবদলুদের বদলে সংগঠনের পুরনো ও প্রতিষ্ঠিত মুখদের প্রাধান্য দেওয়ার নীতি নিয়েছে গেরুয়া শিবির। চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতো সমাজসেবী ও জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রার্থী করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ায়, খুব শীঘ্রই বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।