এলিয়েন কি সত্যিই আছে? ওবামার ওপর চটে গিয়ে আমেরিকার সব গোপন UFO ফাইল ফাঁসের নির্দেশ ট্রাম্পের!

ভিনগ্রহী বা এলিয়েন কি সত্যিই পৃথিবীর বুকে পা রেখেছে? যুগ যুগ ধরে চলা এই রহস্যের জট এবার খুলতে চলেছে খোদ মার্কিন প্রশাসনের হাত ধরে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকার কাছে থাকা সব গোপন ‘UFO ফাইল’ জনসমক্ষে আনার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণায় বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনার সূত্রপাত একটি পডকাস্ট ইন্টারভিউতে ওবামার রসিকতা ঘিরে। ওবামা মজা করে বলেছিলেন যে ভিনগ্রহীরা সত্যি হতে পারে, কিন্তু তিনি তাদের দেখেননি। এই মন্তব্য ঘিরেই ট্রাম্প দাবি করেছেন যে ওবামা ‘গোপন তথ্য’ ফাঁস করেছেন। পাল্টা চালে ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ঘোষণা করেন, জনগণের অদম্য আগ্রহ দেখে তিনি নির্দেশ দিয়েছেন যাতে UFO এবং পৃথিবীর বাইরের জীবন সংক্রান্ত সমস্ত সরকারি নথি প্রকাশের প্রক্রিয়া শুরু হয়। এরিয়া ৫১ (Area 51) নিয়ে চলা যাবতীয় ষড়যন্ত্র তত্ত্বের কি তবে অবসান ঘটবে? ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক স্টান্ট হিসেবে দেখলেও, এলিয়েন প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তবে নথিপত্র প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনও স্পষ্ট নয়।