বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক ডিন্ডাকে ১৭৯ বিএনএস ধারায় নোটিশ পাঠাল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। গত ১১ই জানুয়ারি ময়নায় একটি রাজনৈতিক সভা থেকে পুলিশের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। ডিন্ডার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাঁকে বলতে শোনা যায়, “মৎসজীবীদের গাড়ি আটকে পুলিশ ১০০-২০০ টাকা করে তোলে। সেই টাকার ৫০ শতাংশ থানায় যায় এবং বাকিটা এসপির পকেটে।”
এই বিষ্ফোরক দাবির প্রেক্ষিতেই গত ১৪ই ফেব্রুয়ারি তাঁকে নোটিশ পাঠিয়ে ১৬ই ফেব্রুয়ারি সকাল ১১টায় ময়না থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে নির্দিষ্ট সময়ে ডিন্ডা হাজিরা দেননি। জেলা পুলিশের ভারপ্রাপ্ত সুপার মিতুন দে জানান, ডিন্ডা একজন জনপ্রতিনিধি, তাই তাঁর করা অভিযোগের সত্যতা ও তথ্যপ্রমাণ জানতেই এই আইনি পদক্ষেপ। হাজিরা না দিলেও বিধায়ক তাঁর আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় আপাতত মৌন থাকলেও, প্রাক্তন এই ক্রিকেটারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।