কঠোর অনুশাসন আর দলীয় লাইনের ঘেরাটোপে হাঁপিয়ে উঠেছিলেন এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে বামেদের মুখ হওয়া এই ছাত্রনেতা রবিবার চিঠি লিখে সিপিএম ছাড়ার ঘোষণা করেন। চিঠিতে সরাসরি জানিয়েছেন, দলের বর্তমান পরিস্থিতির সঙ্গে তিনি নিজেকে আর খাপ খাওয়াতে পারছেন না।
প্রতীক-উরের এই আকস্মিক পদত্যাগের পরেই তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তিনি শাসক শিবিরে নাম লেখাতে পারেন। আরও শোনা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে তৃণমূল। যদিও এই প্রসঙ্গে প্রতীক-উর নিজে মুখ খোলেননি। তাঁর সাফ কথা, “আমার যা বলার দলকে বলেছি, সময় এলে সংবাদমাধ্যমকে জানাব।”
এদিকে প্রতীক-উরের দলত্যাগের ঘটনাকে হাতিয়ার করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, সম্পাদকের ‘অযোগ্য বাতেলাবাজি’র কারণেই যোগ্য নেতারা দল ছাড়তে বাধ্য হচ্ছেন। বাম শিবিরের এই ভাঙন আসন্ন নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।