দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে রাজকীয় প্রত্যাবর্তন! বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ইতি ঘটিয়ে আবারও ক্ষমতার মসনদে ফিরছে বিএনপি। ২০ বছর পর দেশ পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন খালেদা-পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ এবং বগুড়া-৬—উভয় আসনেই বিপুল ভোটে জয়ের পথে তিনি। তাঁর এই জয়ে কার্যত নিশ্চিত হয়ে গেল যে, আগামীর বাংলাদেশ পরিচালিত হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শনে।
এক সময় যাঁকে অর্থ পাচারের অভিযোগে বিদ্ধ হতে হয়েছিল, শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সমস্ত মামলা থেকে মুক্তি পেয়েছেন তিনি। গত দেড় বছরে বদলে গেছে সমীকরণ। মা খালেদা জিয়ার মৃত্যুর পর শোকাতুর জনতা তারেক রহমানের মধ্যেই খুঁজে পেয়েছে নতুন ভরসা। বিএনপির ‘ভিশন ২০৩০’ এবং ১ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি যেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে তরুণ প্রজন্মকে। ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির হাতছানি দিয়ে তারেক রহমান বুঝিয়ে দিলেন, তিনি কেবল রাজনীতিক নন, বরং একুশ শতকের আধুনিক বাংলাদেশের রূপকার হতে প্রস্তুত। এখন শুধু সময়ের অপেক্ষা তাঁর শপথ গ্রহণের।