পুলিশ ব্যারাকে সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু! গাফিলতির অভিযোগে রণক্ষেত্র শিলিগুড়ি

প্রশিক্ষণ নিতে এসে মর্মান্তিক পরিণতি। শিলিগুড়ির ১২ নম্বর ব্যাটালিয়নের পুলিশ ব্যারাকে মৃত্যু হলো এক সিভিক ভলান্টিয়ারের। অভিযোগ, অসুস্থ অবস্থায় বারবার আর্জি জানানো সত্ত্বেও মেলেনি কোনও চিকিৎসক বা অ্যাম্বুলেন্স। বিনা চিকিৎসায় সহকর্মীর মৃত্যুতে সোমবার সকালে পুলিশের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন জেলা থেকে আসা সিভিক ভলান্টিয়াররা।
ঠিক কী ঘটেছিল? রাজ্যের বিভিন্ন জেলা থেকে সিভিক ভলান্টিয়াররা শিলিগুড়িতে ১২ নম্বর ব্যাটালিয়নে বিশেষ প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন কোচবিহারের মাথাভাঙা থানার বাসিন্দা পঙ্কজ বর্মণ। রবিবার রাতে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। সহকর্মীদের দাবি, সোমবার ভোরে পঙ্কজের অবস্থার অবনতি হলে তাঁরা দ্রুত ডাক্তার ও অ্যাম্বুলেন্সের খোঁজ করেন। অভিযোগ, কাছেই একাধিক নার্সিংহোম এবং ব্যারাকে পুলিশের প্রচুর গাড়ি থাকা সত্ত্বেও পঙ্কজকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থাই করা হয়নি। শেষমেশ বিনা চিকিৎসায় ব্যারাকেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ওই যুবক।
পুলিশি গাফিলতির অভিযোগ: পঙ্কজের অকালপ্রয়াণের খবর পেয়ে শিলিগুড়িতে পৌঁছায় তাঁর পরিবার। কান্নায় ভেঙে পড়ে পঙ্কজের জামাইবাবু জানান, “পাশে নার্সিংহোম ছিল, অথচ পুলিশ ওকে হাসপাতালে নিয়ে গেল না। বাড়িতে একটা ছোট ভাই ছাড়া আর কেউ নেই। মা-বাবা মরা ছেলেটা সংসার টানত, এখন সব শেষ।” পঙ্কজের তুতো ভাই স্পষ্ট অভিযোগ তোলেন পুলিশের গাফিলতির দিকে। ঘটনার জেরে সকাল থেকেই ব্যাটালিয়ন চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখান প্রশিক্ষণ নিতে আসা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। তাঁদের দাবি, অবিলম্বে এই ঘটনার দায় নিয়ে দোষী আধিকারিকদের শাস্তি দিতে হবে।