তিলোত্তমার উপকণ্ঠ নিউ টাউনকে বিশ্বমানের বাণিজ্যিক কেন্দ্রে রূপ দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। হিডকোর (HIDCO) পক্ষ থেকে নিউ টাউনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (CBD) এলাকায় ১০ একর জমি বাণিজ্যিক বিনিয়োগের জন্য বরাদ্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের নৈকট্য এবং উন্নত মেট্রো যোগাযোগের সুবিধা নিয়ে এই জমিতে গড়ে উঠবে মেগা কমার্শিয়াল হাব।
নবান্ন সূত্রে খবর, এই বিশাল ভূখণ্ডে বড় মাপের কর্পোরেট অফিস বা বাণিজ্যিক প্রকল্প গড়ে তুলতে টেন্ডার আহ্বান করা হয়েছে। নামী বিনিয়োগকারীদের টানতে হিডকো অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জমি বরাদ্দের পথে হাঁটছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে সরাসরি ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ইকো পার্ক বা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের মতো ল্যান্ডমার্কের পর নিউ টাউনের মুকুটে এই নতুন হাব আরও এক পালক যোগ করবে।