জল্পনার অবসান, ৫৬ বছর বয়সে হিরোইন হচ্ছেন সুনীতা আহুজা! কোন চরিত্রে দেখা যাবে ‘চিচি’র ঘরণীকে?

দীর্ঘ তিন দশক ধরে সুপারস্টার স্বামী গোবিন্দার সাফল্যের নেপথ্যে শক্তি হয়ে থেকেছেন তিনি। কিন্তু রুপোলি পর্দার চেনা জাঁকজমক থেকে নিজেকে সবসময় আড়ালেই রেখেছিলেন সুনীতা আহুজা। এবার সেই দীর্ঘ নীরবতা ভেঙে ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন তিনি। বিটাউনে খবর, একতা কাপুরের প্রযোজনা সংস্থা ‘বালাজি মোশন পিকচার্স’-এর একটি আসন্ন ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুনীতা।

ছবির নাম এখনও গোপনীয় রাখা হলেও সূত্রের খবর, সুনীতা ইতিমধ্যেই চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং এই প্রজেক্টের জন্য তাঁকে টানা ২০ দিন শুটিং করতে হবে। ১৯৮৭ সালে গোবিন্দার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর এই প্রথম কোনো মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করবেন তিনি। ইদানীং নিজের ভ্লগ এবং বিভিন্ন পডকাস্টে সোজাসাপ্টা কথা বলার জন্য ডিজিটাল দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে, যা তাঁকে অভিনয়ে আসার অনুপ্রেরণা জুগিয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে এই নতুন ইনিংসের মাঝেই দানা বেঁধেছে বিতর্ক। গত এক বছরে গোবিন্দা ও সুনীতার ব্যক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য বলিপাড়ায় ঝড় তুলেছে। পরিস্থিতি এতটাই জটিল হয় যে, খোদ গোবিন্দা একে ‘বড় ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। তাঁর কথায়, “চুপ থাকাকে লোকে দুর্বলতা ভাবছে। পরিবারের কাছের মানুষরাও হয়তো অজান্তে কোনো ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন।” এই ‘ষড়যন্ত্রের’ ইঙ্গিত কার দিকে, তা নিয়ে ধন্দ থাকলেও সুনীতা এখন বিতর্ক সরিয়ে নিজের অভিনেত্রী সত্তাকেই প্রতিষ্ঠিত করতে মরিয়া। এখন দেখার, বাস্তবের দাপুটে ঘরণী পর্দার অভিনেত্রী হিসেবে দর্শকদের কতটা মন জয় করতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy