১০ হাজার কোটির ধাক্কা! ৬ মার্চের মধ্যে বকেয়া মেটানোর ডেডলাইন, নবান্নকে চরম নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় ঐতিহাসিক মোড়। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, আগামী ৬ মার্চের মধ্যে রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। শুধু তাই নয়, ২০০৮ সাল থেকে যে বিপুল পরিমাণ এরিয়ার জমে রয়েছে, তাও মেটানোর নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। রাজ্য সরকার বারবার কেন্দ্রের সঙ্গে আর্থিক কাঠামোর পার্থক্যের দোহাই দিলেও, আদালত স্পষ্ট করেছে যে, মহার্ঘ ভাতা দিতে হবে ‘অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স’ (AICPI) মেনেই।

রাজ্যের আর্থিক সঙ্কট খতিয়ে দেখতে শীর্ষ আদালত চার সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে থাকছেন প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। এই কমিটিতে ক্যাগ (CAG) প্রধান ছাড়াও থাকছেন বিচারপতি তিলোসিং চৌহান ও গৌতম বাডুড়িয়া। বাকি ৭৫ শতাংশ বকেয়া কীভাবে এবং কত কিস্তিতে দেওয়া সম্ভব, তা নির্ধারণ করবে এই কমিটিই। আগামী ১৫ মে-র মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে।

এই রায়ের ফলে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত—উভয় আমলের কর্মীরাই বকেয়া ডিএ-র সুবিধা পাবেন। সূত্রের খবর, এই নির্দেশ পালনে রাজ্যের কোষাগার থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হবে। বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, “এত টাকা দিতে হলে সরকারকে বাটি হাতে রাস্তায় নামতে হবে।” এখন দেখার, ৬ মার্চের ডেডলাইন রাজ্য কীভাবে সামাল দেয়।