সরকারি চাকরির আকাঙ্ক্ষাকে হাতিয়ার করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। এবার পুলিশের জালে খোদ এক সিআইএসএফ (CISF) জওয়ান ও তাঁর ছেলে। অভিযুক্ত জওয়ানের নাম আব্দুল মালেক এবং তাঁর ছেলের নাম নিজামউদ্দিন গাজি। বসিরহাট থানা এলাকার বাসিন্দা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে রেল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৩৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, আব্দুল মালেক ভিন রাজ্যে সিআইএসএফ জওয়ান হিসেবে কর্মরত থাকার সুবাদে নিজের পেশাগত পরিচয়কে কাজে লাগিয়ে স্থানীয় যুবকদের বিশ্বাস অর্জন করতেন। রেলের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক একজনের কাছ থেকে ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি বা টাকা কোনোটিই ফেরত না মেলায় সন্দেহ দানা বাঁধে চাকরিপ্রার্থীদের মধ্যে। বুধবার প্রতারিতরা একজোট হয়ে বাবা ও ছেলেকে আটকে রাখেন। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে এবং পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে।
তদন্তকারীদের অনুমান, এই প্রতারণা চক্রের শিকড় আরও গভীরে ছড়ানো থাকতে পারে। ধৃতদের হেফাজতে নিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এর পিছনে কোনও বড়সড় সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।