“আর কোনো ক্ষমা নেই!” রাজপাল যাদবের ভাঁড়ামোয় ক্ষুব্ধ দিল্লি হাইকোর্ট, আজই চূড়ান্ত ফয়সালা!

চেক বাউন্স মামলায় বড়সড় আইনি বিপাকে বলিউড অভিনেতা রাজপাল যাদব। বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় সোমবার দিল্লি হাইকোর্ট অভিনেতাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে।

২০২৪ সালের মে মাসে মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা মামলায় রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মাঝপথে সাজা স্থগিত করা হলেও শর্ত ছিল যে, তিনি দুই কিস্তিতে মোট ২.৫ কোটি টাকা পরিশোধ করবেন। কিন্তু রাজপাল যাদব সেই প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন। এমনকি শুনানির সময় আদালত তাঁর আচরণের তীব্র সমালোচনা করে জানায়, তিনি অর্থ পরিশোধের জন্য কোনো সদর্থক পদক্ষেপই করেননি। আদালতের দেওয়া সময়সীমা পার হওয়ায় এবার অভিনেতার সামনে শ্রীঘর ছাড়া আর কোনো বিকল্প নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।