আইনজীবীর কালো কোটে মমতা! শীর্ষ আদালতে সওয়ালের আগেই ‘ইমপিচমেন্ট’ ইস্যুতে বিস্ফোরক সুকান্ত মজুমদার

আজ দেশের বিচারবিভাগের ইতিহাসে এক অভূতপূর্ব দিন। সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) মামলার শুনানিতে সশরীরে উপস্থিত থেকে সওয়াল করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে প্রথম কোনো ‘সিটিং’ মুখ্যমন্ত্রী হিসেবে সর্বোচ্চ আদালতে আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি নিজের বক্তব্য পেশ করবেন। ইতিমধ‍্যেই তাঁর জন্য সুপ্রিম কোর্টের বিশেষ গেট পাস ইস্যু করা হয়েছে এবং ১ নম্বর কোর্টরুমে প্রধান বিচারপতির এজলাসে নজর রয়েছে গোটা দেশের।

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ঘিরে ইতিমধ‍্যেই রাজনীতির পারদ চড়েছে বাংলায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতার ‘ইমপিচমেন্ট’ সংক্রান্ত হুঁশিয়ারিকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছেন। সুকান্ত মজুমদারের দাবি, সাংবিধানিক রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থার ওপর চাপ তৈরির চেষ্টা করছেন। তাঁর এই হুঁশিয়ারি আসলে রাজনৈতিক স্টান্ট ছাড়া আর কিছুই নয়।

অন্যদিকে, বিজেপির আইনজীবী-নেতা কৌস্তভ বাগচিও সুর চড়িয়েছেন। তাঁর মতে, আইনি লড়াইয়ে হার নিশ্চিত জেনেই মুখ্যমন্ত্রী নাটকীয়ভাবে আদালতে সওয়াল করতে গিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং দলের চেয়ারপার্সন হিসেবে মমতা দাবি করেছেন যে তিনি পরিস্থিতি সবচেয়ে ভালো বোঝেন, তাই তিনিই সওয়াল করবেন। তবে এই সওয়াল শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে কতটা কার্যকর হয়, না কি রাজনৈতিক বাগযুদ্ধে সীমাবদ্ধ থাকে, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।