সুপ্রিম কোর্টে ইতিহাস গড়ছেন মমতা! দেশের প্রথম ‘সিটিং’ মুখ্যমন্ত্রী হিসেবে সওয়াল করবেন শীর্ষ আদালতে

দেশের বিচারব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নিজেই সওয়ালকারী হিসেবে শীর্ষ আদালতে উপস্থিত হয়েছেন। এসআইআর (SIR) মামলার শুনানিতে তিনি সরাসরি তাঁর বক্তব্য পেশ করবেন। ইতিপূর্বে দেশের কোনও বর্তমান মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এসে সওয়াল করেননি; সেই নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় এক অনন্য ইতিহাস গড়তে চলেছেন।

এদিন সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে ১ নম্বর কোর্টরুমে মমতা পৌঁছে যান। তাঁর জন্য বিশেষ গেট পাসও ইস্যু করা হয়েছিল। যদিও প্রথমে তাঁর মামলাটি ৩৭ নম্বরে ছিল এবং অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির কথা শোনা গিয়েছিল, তবে নতুন তালিকায় শুনানি কিছুটা পিছিয়ে গিয়েছে। মধ্যাহ্নভোজের আগে শুনানির সম্ভাবনা কম থাকলেও বিকেলের দিকেই মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য পেশ করতে পারেন বলে আদালত সূত্রে খবর।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আবেদনে জানিয়েছেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে আইনি জটিলতা তিনি মুখ্যমন্ত্রী ও দলের নেত্রী হিসেবে সবথেকে ভালো ব্যাখ্যা করতে পারবেন। তিনি আদালতের ডেকোরাম ও নিয়মাবলী মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছেন। তাঁর মূল দাবি— কমিশনের ‘বেআইনি’ নির্দেশিকা প্রত্যাহার করা এবং ২০২৬-এর নির্বাচন পুরনো ভোটার তালিকায় সম্পন্ন করা। পদবী বা অন্যান্য ছোটখাটো ত্রুটির জন্য ভোটারদের হয়রানি না করে সুয়ো মোটো (Sua Moto) ভিত্তিতে সমস্যা মেটানোর আরজিও জানিয়েছেন তিনি।