বিপদে গোবিন্দা-মনোজ তিওয়ারি? গাজিয়াবাদের আর্থিক প্রতারণা মামলায় জড়াল মহাতারকাদের নাম!

মাসে ১৫ শতাংশ নিশ্চিত রিটার্নের হাতছানি! অবাস্তব এই লাভের আশায় টাকা বিনিয়োগ করে এখন সর্বস্বান্ত কয়েক হাজার আমানতকারী। গাজিয়াবাদের সংস্থা ‘ম্যাক্সিজোন টাচ প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে ওঠা এই কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে এবার নাম জড়াল বলিউড অভিনেতা গোবিন্দা, চাঙ্কি পাণ্ডে, শক্তি কাপুর এবং বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির।

তদন্তকারী সংস্থা ইডি (ED) মনে করছে, সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে এই তারকাদের নাম ও জনপ্রিয়তা ঢাল হিসেবে ব্যবহার করেছিল সংস্থাটি। নামী মুখ দেখে মানুষ যাচাই না করেই পনজি স্কিমের ফাঁদে পা দেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এই সংস্থার দুই ডিরেক্টর চান্দের ভূষণ সিং ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সিংকে গ্রেফতার করে জামশেদপুর পুলিশ। অভিযোগ, প্রতিশ্রুতি মতো সুদ তো দূর, আসল টাকাও ফেরত পাননি লগ্নিকারীরা।

বিশেষজ্ঞদের মতে, মাসিক ১৫ শতাংশ রিটার্ন দেওয়া কার্যত অসম্ভব এবং এটি একটি ক্লাসিক পিরামিড স্কিমের লক্ষণ। জামশেদপুর আদালতের নির্দেশে শুরু হওয়া এই তদন্তে এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সক্রিয় হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযুক্ত সেলিব্রিটিদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। আকাশছোঁয়া মুনাফার লোভে না পড়ে বিনিয়োগের আগে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা।