SIR নিয়ে বড় ফাঁস! তৃণমূল নেতার বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে তোলপাড়!

রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে যখন শাসকদল তৃণমূল কংগ্রেস সুর চড়িয়েছে, ঠিক তখনই দলের রাজ্য সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনের এক মন্তব্যে দানা বেঁধেছে নতুন বিতর্ক। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াকে ‘আকস্মিক’ ও ‘অনৈতিক’ বলে দাবি করছেন, অন্যদিকে মালদহের দাপুটে নেতা মোয়াজ্জেম হোসেন জানালেন, এসআইআর প্রক্রিয়ার জন্য অনেক আগে থেকেই দলের বুথ লেভেল এজেন্টদের (BLA-2) প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল।

তৃণমূলের দাবি ছিল, মাত্র ৩ মাসে এই প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু মোয়াজ্জেম হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী, ভোট কুশলী সংস্থা আইপ্যাক (I-PAC) দীর্ঘ সময় ধরে বিএলএ-১ এবং বিএলএ-২-দের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে। কীভাবে বিএলও-দের সঙ্গে সমন্বয় করতে হবে এবং সাধারণ মানুষকে বোঝাতে হবে, তা শেখানো হয়েছে অনেক আগে থেকেই। এই মন্তব্যকে হাতিয়ার করেই আসরে নেমেছে বিজেপি ও কংগ্রেস।

বিজেপির দাবি, “তৃণমূল নাটক করছে। যদি এক বছর আগে থেকেই আইপ্যাক ট্রেনিং দিয়ে থাকে, তবে আচমকা এসআইআর শুরুর অভিযোগ নিছক আইওয়াশ।” অন্যদিকে, কংগ্রেস নেতা মোত্তাকিন আলম প্রশ্ন তুলেছেন, “আইপ্যাক জানা মানেই মুখ্যমন্ত্রী জানতেন। তাহলে এখন কেন হয়রানির অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে?” সব মিলিয়ে, এসআইআর ইস্যুতে তৃণমূলের অভ্যন্তরীণ বৈপরীত্য এখন রাজ্য রাজনীতির হট টপিক।