যাদবপুরে গভীর রাতে বিকট শব্দ! তিনতলার নিচে রক্তাক্ত বৃদ্ধ, রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

যাদবপুর থানা এলাকার দেশবন্ধু রোডে আত্মীয়র বাড়িতে চিকিৎসা করাতে এসে মর্মান্তিক পরিণতির শিকার হলেন এক বৃদ্ধ। মঙ্গলবার রাতে তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে মন্দারমণির বাসিন্দা তপন দাসের (৬৩)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তপনবাবু তাঁর আত্মীয় অরুণ নায়েকের বাড়িতে চোখের চিকিৎসার জন্য এসেছিলেন। এর আগে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল, সেই সংক্রান্ত ডাক্তার দেখাতেই কলকাতায় আসা। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর তিনি তিনতলার একটি ঘরে শুতে যান। রাত ১টা নাগাদ হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা বাইরে বেরিয়ে দেখেন, নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তপনবাবু। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে আত্মীয়দের দাবি, চোখের সমস্যার কারণে ভারসাম্য হারিয়ে তিনি ছাদ থেকে পড়ে গিয়ে থাকতে পারেন। তবে ছাদে পাঁচিল থাকা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধন্দ কাটছে না। খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।