সংসদে আজ মোদী-ম্যাজিক! ধন্যবাদ প্রস্তাবের জবাবি ভাষণে কি বিরোধীদের ধুয়ে দেবেন প্রধানমন্ত্রী?

বুধবার বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে সংসদের নজর থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবি ভাষণের দিকে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার আজই শেষ দিন। ১৮ ঘণ্টার দীর্ঘ বিতর্কের পর প্রধানমন্ত্রী আজ বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। লোকসভায় এই প্রস্তাবটি উত্থাপন করেছেন সর্বানন্দ সোনোয়াল।
উত্তপ্ত সংসদ ও সাসপেনশন: মঙ্গলবার প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের স্মৃতিকথা নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয় কক্ষ। বিশৃঙ্খলা তৈরির অভিযোগে কংগ্রেসের হিবি ইডেন, মানিকম ঠাকুর এবং সিপিআই(এম)-এর এস ভেঙ্কটেসানসহ মোট আটজন বিরোধী সাংসদকে অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করেছেন স্পিকার ওম বিড়লা। এই নিয়ে স্পিকারকে চিঠি লিখে ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল গান্ধী।
গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ: আজ পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) তাদের ২০২৫-২৬-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ করবে। যার মধ্যে রয়েছে:
ভারতীয় রেলের ট্রেনের সময়ানুবর্তিতা সংক্রান্ত চাঞ্চল্যকর রিপোর্ট।
কৃষি ফসল বিমা প্রকল্পের অডিট রিপোর্ট।
বিদেশে ভারতীয় মিশনে আর্থিক অনিয়ম সংক্রান্ত পর্যবেক্ষণ।
উল্লেখ্য, এই বাজেট অধিবেশন চলবে ২ এপ্রিল পর্যন্ত। মাঝে স্থায়ী কমিটির স্ক্রুটিনির জন্য ১৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত বিরতি থাকবে।