পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও যে জঙ্গলমহলের মাটি প্রতিভা ছড়িয়ে দিচ্ছে, তার প্রমাণ আবারও মিলল বিশ্বমঞ্চে। এবার যোগা বিশ্বকাপে (Yoga World Cup) প্রথম স্থান অধিকার করে পুরুলিয়ার নাম উজ্জ্বল করলেন জেলার ভূমিকন্যা রিয়া চক্রবর্তী। ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত এই মেগা প্রতিযোগিতায় ১০টি দেশের ৫৭৩ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন তিনি।
গত ২৭ ডিসেম্বর ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয় এই বিশ্বকাপ। সেখানে ১৪-১৫ বছর বালিকা বিভাগে পুরুলিয়া থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন রিয়া। বর্তমানে অষ্টম শ্রেণির এই ছাত্রীর সাফল্যে এখন গর্বিত গোটা জেলা। রিয়ার বাবা পেশায় সরকারি কর্মী, তাঁরা পুরুলিয়ার ইরিগেশন কলোনির বাসিন্দা। মাত্র দু-বছর আগে যোগাভ্যাস শুরু করলেও নিজের একাগ্রতা ও পরিশ্রমের জোরে রিয়া আজ বিশ্বসেরা। ইতিপূর্বে জেলা ও রাজ্য স্তরেও তিনি একাধিকবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
নিজের এই সাফল্যে উচ্ছ্বসিত রিয়া জানান, “বিশ্বকাপ জয় করব সেটা কখনও ভাবিনি। শিক্ষকদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না।” রিয়ার প্রশিক্ষক মনোবোধ মাহাতো বলেন, “লড়াইটা ছিল অত্যন্ত কঠিন। ১০টি দেশের সেরা প্রতিযোগীদের হারিয়ে প্রথম হওয়াটা বিশাল চ্যালেঞ্জের ছিল। রিয়া তা করে দেখিয়েছে।” জঙ্গলমহলের এই মেয়ের সাফল্যে পরিবারের পাশাপাশি খুশির হাওয়া গোটা জেলায়। আগামী দিনে রিয়াকে নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন তাঁর বাবা প্রণব চক্রবর্তী ও প্রশিক্ষকরা।





