বিবাহিত জীবন নষ্ট করে অতিরিক্ত প্রত্যাশা! স্বামীর কাছে এই ৫টি জিনিস কখনোই আশা করা উচিত নয়

প্রত্যাশা এমন একটি বিষয়, যা মাত্রাতিরিক্ত হলে যেকোনো সুন্দর সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আপনি যা চান, তা করার জন্য সঙ্গীর ওপর বেশি আশা করে থাকা তাদের জন্য এক বড় বোঝা হয়ে দাঁড়ায়। বিশেষ করে স্বামীর কাছ থেকে কিছু জিনিস প্রত্যাশা করা উচিত নয়, যা তার ক্ষমতার বাইরে। এই বিষয়গুলো মেনে চলতে পারলে বৈবাহিক সম্পর্ক সুন্দর ও দীর্ঘস্থায়ী হবে।

স্বামী বা সঙ্গীর কাছ থেকে যে ৫টি জিনিস প্রত্যাশা করবেন না:

১. মুখ ফুটে না বললেও বুঝে নেওয়া: আপনি না বললেও আপনার মনের সব কথা স্বামী বুঝে যাবেন, এমনটা আশা করবেন না। কার মনের ভেতরে কী চলছে, তা মুখ দেখেই বলে দেওয়া সম্ভব নয়। তাই মনের কথা আপনার নিজের মুখেই স্বামীকে জানান। আপনি না বললে তিনি জানতে পারবেন না, আর না বলতেই সবটা বুঝে নেবেন—এমন অবুঝ আশা করা ঠিক নয়।

২. নিজের সব মূল্যবোধ ত্যাগ করা: আপনি আশা করতে পারেন না যে আপনার স্বামী শৈশবকাল থেকে তাঁর নিজস্ব মূল্যবোধগুলো সম্পূর্ণরূপে ত্যাগ করবেন এবং শুধু আপনার মতের সাথে খাপ খাইয়ে নেবেন। একটি সফল বিবাহ মানে, আপনারা উভয়েই একে অপরের মূল্যবোধ, অভ্যাস এবং মতামতের সঙ্গে মানিয়ে নেবেন ও সম্মান জানাবেন।

৩. আপনার বেঁধে দেওয়া সময়ে কাজ করা: জেনে রাখবেন, প্রতিটি ব্যক্তির নিজস্ব গতিতে কাজ করার নিজস্ব উপায় রয়েছে। আপনি আশা করতে পারেন না যে আপনার স্বামী আপনার বেঁধে দেওয়া কঠিন সময়সীমার মধ্যে কিছু করবেন। যদি তিনি তাড়াহুড়ো করে কাজগুলো শেষও করেন, তবুও এটি তাঁর ওপর একটি নেতিবাচক চাপ তৈরি করবে।

৪. সবকিছুর জন্য প্রশংসা: আপনার স্বামী আপনার প্রতিটি ছোট অভ্যাসের প্রশংসা করুক বা না করুক, আপনি অবশ্যই তাঁর কাজের প্রশংসা করুন। প্রত্যেক ব্যক্তির মধ্যে ত্রুটি আছে এবং আপনার সঙ্গীর যেকোনো বিষয় সম্পর্কে ভিন্ন মতামত থাকতে পারে। এর মানে এই নয় যে তিনি আপনাকে অসম্মান করেন। তাই এসব ছোটখাটো বিষয় থেকে একটি বড় সমস্যা তৈরি করার প্রয়োজন নেই। আপনি তাঁর কাজের প্রশংসা করলে তিনিও আপনার প্রশংসা করতে শিখবেন।

৫. আপনাকে সুখী করার একমাত্র দায়িত্ব: আপনাকে সুখী হওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার স্বামীর ওপর দিয়ে রাখবেন না। তিনি আপনার সুখের একটি বড় অংশ হতে পারেন, তবে সুখ একটি অনুভূতি যা প্রথমে নিজেকে অর্জন করতে হয়। ভালোবাসা, সমর্থন এবং যত্নের জন্য আপনি সব সময় আপনার স্বামীর ওপর নির্ভর করতে পারেন, কিন্তু নিজের খুশি নিজেকেই খুঁজে নিতে হবে।