নভেম্বরেই কম্বল মুড়ি দিন! রাজ্যজুড়ে পারদ পতন, আলিপুর জানাল কবে পর্যন্ত থাকবে এই শিরশিরানি?

কলকাতা সহ গোটা রাজ্যেই এখন শীতের আমেজ স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহ জুড়েই মনোরম আবহাওয়া বজায় থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবারের মধ্যে এই পারদ আরও নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে।
শীতের আমেজ আরও তীব্র হবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। এই সপ্তাহ শেষ হওয়ার আগেই এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। আবহাওয়ার অফিস অনুমান করেছে যে বুধবারের মধ্যে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এই শীতের আমেজ আগামী শনিবার পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে মূলত সকাল ও রাতে শীত অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের শিরশিরানি উধাও হবে। পাশাপাশি, সকালের দিকে একাধিক জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকলেও, আজ তা কমেছে এবং আগামী তিন-চার দিন এই শীতল আবহাওয়া বজায় থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।