: ‘বিজেপি জিতলে বাংলায় ফিরবে টাটা গ্রুপ!’ সিঙ্গুর পর্বের স্মৃতি উসকে দিয়ে ২০২৬-এর রণহুঙ্কার শুভেন্দুর

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই শুরু করে দিয়েছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে, হুগলির তারকেশ্বরের পর বর্ধমানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে আক্রমণ করে এক বড় প্রতিশ্রুতি দিলেন। তিনি দাবি করেন, ২০২৬ সালে বিজেপি বিধানসভা ভোটে জয়ী হলে রাজ্যে বিনিয়োগের জন্য টাটা গ্রুপকে ফিরিয়ে আনা হবে।

রবিবার বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত এসআইআর (SIR) নিয়ে মিথ্যাচারের অভিযোগে এক মিছিল করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, “রতন টাটা বলে গিয়েছিলেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করা হলো। কিন্তু আমি খারাপ ‘M’-কে ছেড়ে ভালো ‘M’-এর কাছে যাচ্ছি। রতন টাটা বলেছিলেন, খারাপ ‘M’-এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভালো ‘M’-এর নাম নরেন্দ্র মোদি।”

২০০৮ সালে সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গুজরাতের সানন্দে স্থানান্তরের প্রসঙ্গ টেনে শুভেন্দু আরও জানান, “আমি কথা দিচ্ছি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে টাটা কোম্পানি বাংলায় বড় অঙ্কের বিনিয়োগ করবে। এত অনৈতিকভাবে তাদের আর কখনও চলে যেতে হবে না।” তিনি আরও জানান, বিজেপি ওএমআর (OMR) শিটের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করবে, যেখানে কোনো দুর্নীতিগ্রস্ত মধ্যস্থতাকারী থাকবে না।

ভোটার তালিকা ও এসআইআর ইস্যু: এসআইআর ইস্যু নিয়ে তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলেন, বাংলাদেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যারা অবৈধ এপিক ও রেশন কার্ড তৈরি করে ভোটার তালিকায় নাম তুলেছে, তারা হল বাংলাদেশি মুসলিম লোকজন। তাদের নাম আর ভোটার তালিকা থেকে থাকবে না। তিনি নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন, কমিশন আবার গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। তবে, টাটা কোম্পানিকে রাজ্যে ফেরানোর প্রতিশ্রুতি দিলেও তা আগের স্থান সিঙ্গুরেই ফেরানো হবে কিনা, সেই বিষয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট কিছু বলেননি।