শ্বাসরুদ্ধকর দিল্লি! দূষণ রুখতে ব্যর্থ সরকার, দোষারোপের পালা BJP বনাম AAP-এর, AQI ‘ভয়াবহ’

দিল্লির এই ভয়াবহ বায়ু দূষণের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও তাঁর সরকারের ‘ব্যর্থতা’কে দায়ী করেছেন AAP-এর রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজ। তিনি তীব্র কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী AQI উচ্চারণও করতে পারেন না। তিনি বলেন IQ, QQ! সরকারের কোনও প্রস্তুতিই ছিল না। দূষণ রুখতে তারা কিছুই করেননি।”

আম আদমি পার্টির আর এক নেতা গোপাল রায় অভিযোগ করেন, “দিল্লিতে দূষণ বাড়ছে, কিন্তু সরকার শুধু অন্য রাজ্যগুলিকে দোষ দিচ্ছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান— সব জায়গায় বিজেপি শাসন করছে। দীপাবলির আগে কেন তারা উদ্যোগ নিল না?” তাঁদের আরও অভিযোগ, যখন রাজধানীতে দূষণের জরুরি অবস্থা, তখন বিজেপি নেতারা উলটে সাধারণ মানুষকেই বাজি পোড়াতে উৎসাহ দিয়েছেন।

সৌরভ ভরদ্বাজের দাবি, “সরকার মিথ্যে বলেছে। দীপাবলির পর কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে দূষণ রুখবে বলেছিল। সেটা হল কোথায়? মানুষ অসুস্থ হচ্ছে, অথচ কোনও পদক্ষেপ নেই।”

কংগ্রেসের আক্রমণ, BJP-র পাল্টা যুক্তি
কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ এক্স-এ লেখেন, “AQI ৪০০ ছাড়িয়েছে, বাতাসে শ্বাস নেওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী মোদী ১১ বছর ধরে ক্ষমতায়, এখন দিল্লিতেও বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী আদালতে গিয়ে বাজি ফাটানোর অনুমতি চেয়েছিলেন, তারপর সেই নির্দেশ মানা হয়নি। দিল্লি ও তার মানুষকে সম্পূর্ণ ব্যর্থ করেছে বিজেপি।”

অন্যদিকে, শাসক দল বিজেপির যুক্তি, দূষণের মূল কারণ প্রতিবেশী রাজ্যের খড় পোড়ানো এবং নাগরিকদের অসচেতনতা।

দিল্লির পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা বলেন, “সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও আশপাশের রাজ্যগুলিতে খড় পোড়ানো হচ্ছে, তার ফল ভুগছে দিল্লি।” বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের মন্তব্য, “দীপাবলিকে দোষ দেবেন না। এটা আম আদমি পার্টির শাসনের ধোঁয়া, উৎসবের আলো নয়, যা দিল্লির আকাশ ঢেকে দিয়েছে।”

‘খুবই খারাপ’ বায়ু, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর তথ্য অনুযায়ী, সোমবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৫৯, যা ‘খুবই খারাপ’ ক্যাটেগরিতে পড়ে। মোট ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৫টিই ছিল ‘লাল অঞ্চলে’। হরিয়ানা ও পাঞ্জাবের কিছু অংশেও দূষণ ছিল উদ্বেগজনক।

যদিও সুপ্রিম কোর্ট ১৫ অক্টোবরের নির্দেশে দিল্লি-এনসিআর জুড়ে শুধুমাত্র সবুজ আতশবাজি এবং নির্দিষ্ট সময়সীমা (রাত ৮টা থেকে ১০টা) বেঁধে দিয়েছিল, কিন্তু বহু এলাকায় মধ্যরাত পর্যন্ত বাজি ফাটানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকদের অসচেতনতা, প্রশাসনের ঢিলেমি এবং প্রতিবেশী রাজ্যগুলির খড় পোড়ানোর মিশ্রণেই রাজধানীর এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি।