শুধু মাঠ বা ময়দানের লড়াই নয়, আসন্ন ২০২৬-এর মেগা ফাইনালের আগে ভোটের প্রচার যুদ্ধ এখন পুরোদস্তুর চলছে সোশ্যাল মিডিয়াতেও। ডিজিটাল ময়দানের দখল নিতে এবার নতুন পথে হাঁটলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি এক্স প্ল্যাটফর্মে ঘোষণা করলেন তাঁর নতুন ডিজিটাল উদ্যোগ— ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’।
বর্তমান রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ‘নমো’ অ্যাপের মাধ্যমে সারা বছর ধরে জনসংযোগ ও দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন, তেমনই বিজেপি ও অন্যান্য শিবিরও তাদের প্রচারে জোর দিয়েছে ডিজিটাল মাধ্যমে। এই আবহেই গেরুয়া শিবিরের ‘ডিজিটাল যোদ্ধাদের’ টক্কর দিতে নতুন কর্মসূচি শুরু করলেন অভিষেক।
‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’: কেন এই উদ্যোগ?
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্টে এই আন্দোলনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন,
“আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা, মিথ্যা ও অপপ্রচারের উপর ভর করে ক্রমবর্ধমানভাবে অপমানিত হচ্ছে… ডিজিটাল জগতে যেখানে যুদ্ধ এখন তীব্রতর হচ্ছে, সেখানে বাংলার অধিকার, মর্যাদা এবং সত্যের পক্ষে দাঁড়ানো, স্পষ্টতা এবং দৃঢ়তার সাথে লড়াই করা আমাদের দায়িত্ব।”
আন্দোলনের প্রকৃতি: ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ হলো একটি ‘জন-চালিত, যুব-নেতৃত্বাধীন ডিজিটাল আন্দোলন’।
লক্ষ্য: এর মূল লক্ষ্য বাংলার পরিচয় রক্ষা করা, সত্যকে তুলে ধরা এবং ভারতের প্রতিটি কোণে রাজ্যের গর্ব ও অগ্রগতির বার্তা পৌঁছে দেওয়া।
আহ্বান: অভিষেক রাজ্যের সেই সমস্ত তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাঁরা বাংলাকে অপবাদিত হতে দিতে অস্বীকার করেন, তাঁরা যেন এই ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দেন।
কীভাবে যোগ দেবেন?
এই আন্দোলনে যোগ দিতে তৃণমূল একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করেছে। তরুণ-তরুণীরা এই ওয়েবসাইটের মাধ্যমেই তৃণমূলের ‘যোদ্ধা’ হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
ওয়েবসাইট: ABDigitalJoddha.com লিঙ্কে ক্লিক করে নাম নথিভুক্ত করা যাবে।
প্রসঙ্গত, একুশের ভোটের আগে সিপিএম-ও ‘টুম্পা’ গানের প্যারোডি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। শতাব্দী প্রাচীন কংগ্রেসও এখন ডিজিটাল ফাইটে পোক্ত। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন উদ্যোগ ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।