অতিরিক্ত মোবাইল ব্যবহারে বিপদ! আঙুল-কব্জিতে অসহ্য ব্যথা, হতে পারে মারাত্মক রোগ

এখনকার স্মার্টফোনগুলোতে অত্যাধুনিক সব ফিচার থাকায় অনেকেই দৈনন্দিন কাজকর্মের জন্য মোবাইলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। অফিসিয়াল কাজ, অনলাইন ক্লাস কিংবা অলস সময় কাটানো—সবক্ষেত্রেই মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে বহুগুণ।

তবে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে শরীরে দেখা দিচ্ছে নানা সমস্যা। বিশেষ করে আঙুল আর কব্জিতে অসহ্য ব্যথা অনুভব করছেন অনেকেই। কিছু ক্ষেত্রে এই ব্যথা এতটাই তীব্র হচ্ছে যে, একটি চামচ ধরতেও কষ্ট হচ্ছে। এমন সমস্যা নিয়ে বহু মানুষ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন।

ভারতের অস্থি শল্যচিকিৎসক সুদীপ্ত ঘোষ এ বিষয়ে বলেন, ‘মাত্রাতিরিক্ত মোবাইল ব্যবহারে শরীরের বিভিন্ন অংশে ক্ষতি হচ্ছে। বহু মানুষ ভুল ভঙ্গিতে বসে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করেন। ফলে পিঠ ও কোমরেও নানা সমস্যা দেখা দিচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে হাতের। একটানা মোবাইল ব্যবহারের ফলে হাতের পেশিতে টান ধরে এবং রক্ত চলাচলের গতি কমে যায়। এর জের ধরে শরীরের বিভিন্ন অংশে ব্যথা-বেদনার শুরু হয়।’

তিনি আরও পরামর্শ দেন, মোবাইল ব্যবহারের সময় ঘাড় নিচু করে রাখা একেবারেই উচিত নয়। টেবিলে চোখের সোজাসুজি রেখে মোবাইল ব্যবহার করলে ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমানো যায়।

অন্যদিকে, ব্রিটেনের হ্যান্ড ও এলবো সার্জন চিকিৎসক রজার পাওয়েল তার এক গবেষণায় উল্লেখ করেছেন, ‘দুই ঘণ্টার বেশি সময় ধরে মোবাইলে টেক্সট লিখলে ‘টেক্সট ক্ল’ এবং ‘সেলফোন এলবো’ নামে আঙুল ও কব্জির সমস্যা দেখা দিতে পারে। ডাক্তারি পরিভাষায় এই সমস্যাকে কিউবিটাল টানেল সিনড্রোম বলা হয়।’

অনবরত টেক্সট লেখার কারণে বুড়ো আঙুল, তর্জনী এবং মধ্যমার অতিরিক্ত ব্যবহার হয়। ফলে এই আঙুলগুলোর কাছাকাছি থাকা স্নায়ুর ওপর বাড়তি চাপ পড়ে। এর প্রাথমিক পর্যায়ে আঙুল অসাড় লাগতে পারে এবং পরবর্তীতে তীব্র ব্যথা অনুভূত হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকরা নিয়মিত আঙুল স্ট্রেচ করার পরামর্শ দিচ্ছেন।

এসএসকেএম হাসপাতালের মেডিসিনের চিকিৎসক অগ্নিভ মাইতি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের অন্যান্য সমস্যা সম্পর্কে জানান, ‘একটানা মোবাইলে কথা বলার কারণে ঘাড়ে ও কাঁধে ব্যথার পাশাপাশি মাইগ্রেনের মাথাব্যথার ঝুঁকি বাড়ে। টাচ ফোনে একটানা মেসেজ করার কারণে অল্প বয়সেই হাতের কব্জি ও আঙুলে ব্যথা হওয়ার আশঙ্কা খুব বেশি। যারা দিনরাত মোবাইল সঙ্গে রাখেন, এমনকি বাথরুম ও ঘুমানোর সময়ও মোবাইল ব্যবহার করেন, তাদের পেশি ও স্নায়ুতে অতিরিক্ত চাপ পড়ে। এতে স্ট্রেন ইনজুরির ঝুঁকি বাড়ে, যার ফলে যখন-তখন তীব্র ব্যথায় কষ্ট পেতে হতে পারে।’

তিনি আরও স্পষ্ট করে বলেন, এসব সমস্যা প্রতিরোধের একমাত্র কার্যকরী উপায় হলো মোবাইল ফোনের ব্যবহার কমানো।

তবে দৈনন্দিন জীবনে মোবাইলের ব্যবহার সম্পূর্ণ কমানো সম্ভব না হলেও কিছু নিয়ম মেনে চললে ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমানো যায়। যেমন—

স্পিকারে কথা বলা।
লেখার সময় সব আঙুল ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা।
একটানা ফোন ব্যবহারের মাঝে হাত ও আঙুল স্ট্রেচিং করে নেওয়া।
এই সহজ নিয়মগুলো মেনে চললে মোবাইল ব্যবহার করেও নিজেকে অনেকটা সুস্থ রাখা সম্ভব। তাই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সচেতন হোন এবং আপনার শরীরের যত্ন নিন।