হঠাৎ হঠাৎ গরম পড়ছে ভীষণ। আবার হঠাৎ করেই বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। এমন আবহাওয়া কিন্তু জীবাণুদের সক্রিয় হওয়ার জন্য বেশ উপযোগী। এই সময় সন্তানের শরীর খারাপের আশঙ্কাও অনেকটাই বেড়ে যায়। কয়েকটি কথা তাই অবশ্যই মনে রাখুন।
এই সময় বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। এতে সংক্রমণের আশঙ্কা অনেকটাই বেশি। ফলে প্রবল পেট খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলে সেই আশঙ্কা আরও বাড়বে বৈ কমবে না।
খাওয়ার জলের দিকে নজর দিন। খাওয়ার জল যদি পুরসভা থেকে আসে, তবে কীভাবে জল সংগ্রহ করছেন তা গুরুত্বপূর্ণ। খাওয়ার জল চিকিৎসকরা কিছুটা ফুটিয়ে খেতে বলেন। এই সময় যা জরুরি।
খুদের কাপড় ঘরে না শুকোনোই ভালো। বরং কোনও খোলা জায়গায় তা শুকোতে দিন। নয়তো আর্দ্র আবহাওয়ার কারণে ছত্রাক সংক্রমণের আশঙ্কা থেকে যায়। যা থেকে নানারকম রোগ হবে ওর।
বৃষ্টির কারণে মশার উপদ্রব বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই মশা থেকে বাঁচিয়ে রাখুন ছোট্ট খুদেকে। বাইরে বেরোতে হলে ফুল হাতার জামা পরিয়ে দিন। এছাড়াও মশা তাড়ানোর উপকরণ ব্যবহার করতে পারেন।