ভারতের ভয়ে প্রাণভয়ে কাঁপছে মাসুদ আজহার ও হাফিজ সইদ! কোথায় গা-ঢাকা দিয়েছে এই দুই কুখ্যাত জঙ্গি?

ভারতের সম্ভাব্য সামরিক হামলা এবং টার্গেটেড অপারেশনের আতঙ্কে কার্যত রাতের ঘুম উড়েছে পাকিস্তানের দুই কুখ্যাত জঙ্গি প্রধান হাফিজ সইদ এবং মাসুদ আজহারের। গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে, প্রাণ বাঁচাতে তারা এখন পাকিস্তানের ভেতরেই অত্যন্ত গোপনে গা-ঢাকা দিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত এক সপ্তাহের মধ্যে এই দুই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর নিয়ন্ত্রণাধীন অত্যন্ত সুরক্ষিত ‘সেফ হাউসে’ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, লস্কর-ই-তৈবার (LeT) প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে লাহোরের জোহর টাউনের বাসভবন থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, এই এলাকাটি পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরের একেবারে কাছাকাছি এবং সেখানে সর্বদা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকে। অন্যদিকে, জইশ-ই-মহম্মদের (JeM) প্রধান মাসুদ আজহারকে সিন্ধ প্রদেশের নবাবশাহ এলাকার একটি বিশেষ সুরক্ষিত কম্পাউন্ডে স্থানান্তরিত করা হয়েছে। নিরাপত্তার খাতিরে এই দুই জঙ্গি নেতার গতিবিধি এবং বাইরের জগতের সঙ্গে সমস্ত যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

গোয়েন্দা রিপোর্ট বলছে, ২০২৫ সালের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই পাকিস্তানের অভ্যন্তরে আশ্রয় নেওয়া জঙ্গিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই অভিযানে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছিল, যাতে জইশ-ই-মহম্মদের বাহাওয়ালপুরের মূল ঘাঁটিটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পাশাপাশি, গত কয়েক মাসে পাকিস্তানের মাটিতে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হাতে একের পর এক ভারতবিরোধী জঙ্গি রহস্যজনকভাবে নিহত হওয়ায় পাক নিরাপত্তা সংস্থাগুলির কপালেও চিন্তার ভাঁজ পড়েছে।

প্রাণহানির আশঙ্কায় হাফিজ সইদ বর্তমানে লস্কর সদস্যদের সঙ্গে সরাসরি কোনো বৈঠক করছেন না; বরং সংগঠন পরিচালনার জন্য আগে থেকে রেকর্ড করা অডিয়ো বার্তার ওপর নির্ভর করছেন। একইভাবে মাসুদ আজহারও সাধারণ জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখে কেবল শীর্ষস্থানীয় কয়েকজন বিশ্বস্ত কমান্ডারের সঙ্গেই সীমিত যোগাযোগ রাখছেন। যদিও পাকিস্তান সরকার বরাবরই দাবি করে আসছে যে হাফিজ সইদ লাহোরের কোট লাখপত জেলে বন্দি রয়েছেন এবং মাসুদ আজহার নিখোঁজ বা আফগানিস্তানে পালিয়ে গেছেন। তবে ভারতীয় গোয়েন্দাদের মতে, ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বই হামলা, পাঠানকোট ও পুলওয়ামা হামলার মূল চক্রীদের আন্তর্জাতিক চাপ থেকে বাঁচাতেই পাকিস্তান এই মিথ্যা নাটক সাজিয়েছে এবং সেনার ছত্রছায়ায় তাদের পূর্ণ সুরক্ষা দিচ্ছে।