রক্তে সুগার নিয়ন্ত্রণে কমলা না আঙুর, কোনটি বেশি উপকারী? কী বলছে তথ্য?

কমলা ও আঙুর—দুটি ফলেই কার্বোহাইড্রেট এবং প্রাকৃতিক চিনি থাকে, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তবে এই দুই ফলের তুলনায় আঙুরের চেয়ে কমলা খেলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা তুলনামূলক কম। কমলায় কার্বোহাইড্রেটের মাত্রা কম এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক পুষ্টি উপাদান বেশি থাকাই এর প্রধান কারণ।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে কমলা কেন এগিয়ে?

আঙুরের তুলনায় কমলা খেলে রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ে, কারণ এতে প্রায় এক-তৃতীয়াংশ কম কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়, ফলে বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে।

এ ছাড়া কমলায় আঙুরের চেয়ে প্রায় দ্বিগুণ আঁশ রয়েছে, যার বড় অংশ পানিতে দ্রবণীয়। এই আঁশ হজমের গতি ধীর করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, যার ফলে রক্তে শর্করা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতেও সহায়ক। কমলায় থাকা ভিটামিন বি-৯ বা ফোলেটও ভূমিকা রাখতে পারে; একটি মাঝারি কমলা থেকে দৈনিক চাহিদার প্রায় ১০ দশমিক ৭৫ শতাংশ ফোলেট পাওয়া যায়। একটি গবেষণায় ফোলেট সম্পূরক ইনসুলিনের মাত্রা উন্নত করার কথা বলা হলেও এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানানো হয়েছে।

রক্তে শর্করার ওপর আঙুরের প্রভাব ও পুষ্টিগুণের তুলনা

সমপরিমাণ কমলার তুলনায় আঙুরে কার্বোহাইড্রেট ও চিনি বেশি থাকায় রক্তে শর্করা দ্রুত বাড়ার সম্ভাবনা বেশি থাকে, পাশাপাশি এতে আঁশ কমলার প্রায় অর্ধেক। তবে পেস্ট্রি বা কুকিজের মতো খাবারের তুলনায় আঙুরের প্রভাব কম। পরিমাণ নিয়ন্ত্রণের দিক থেকে আঙুর সুবিধাজনক—১৫০ গ্রাম বা এক কাপ আঙুরে প্রায় ২২টি আঙুর থাকে, আর একটি মাঝারি কমলার ওজন প্রায় ১৫৪ গ্রাম। প্রাথমিক ও প্রাণীভিত্তিক কিছু গবেষণায় আঙুরের উপাদান বা বীজের নির্যাস নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিললেও মানুষের ক্ষেত্রে আরও গবেষণা দরকার।

পুষ্টিগুণের দিক থেকে কমলায় কার্বোহাইড্রেট ও মোট চিনি কম থাকার পাশাপাশি আঁশ, ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট ও ক্যালসিয়াম বেশি থাকে, আর আঙুরে ভিটামিন কে ও পটাশিয়াম বেশি থাকে। সামগ্রিকভাবে দুটি ফলই পরিমিত মাত্রায় খাওয়া যায় এবং রসের চেয়ে গোটা ফল খাওয়া ভালো, কারণ রসে বেশির ভাগ আঁশ বাদ পড়ে যায়। ব্যক্তিগত শারীরিক অবস্থা ও রক্তে শর্করার মাত্রা বিবেচনায় নিয়ে সঠিক পরিমাণ নির্ধারণ করা উচিত।