জলসা উড়িয়ে দেওয়ার নতুন হুমকি, অক্টোবরের পর চতুর্থবার অমিতাভ বচ্চনের বাড়িতে বোমাতঙ্ক?

অমিতাভ বচ্চনকে হুমকি দেওয়ার একটি ঘটনা আবারও সামনে এসেছে। বেশ কিছুদিন ধরেই বলিউড তারকারা ক্রমাগত হুমকির মুখে পড়ছেন। এর মধ্যেই গত কয়েক মাসে অমিতাভ বচ্চন একাধিকবার হুমকি পেয়েছেন বলে খবর মিলেছে। এবার হুমকিদাতা তাঁর জুহুর জলসা বাংলো বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে একটি হুমকি ইমেল পাঠানো হয়েছে। ওই ইমেলে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সদর দপ্তর এবং অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
ইমেলে ২৬ নভেম্বর দুপুর ১টা ১১ মিনিটে মেয়রের কার্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় গ্রেনেড হামলা এবং ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মেট্রো স্টেশনগুলোতে আইইডি বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। ইমেলে দাবি করা হয়েছে যে মহালক্ষ্মী, জলসা বাংলো, সায়েন্স এবং আচার্য মেট্রো স্টেশনে আইইডি বোমা পাতা রয়েছে। এই হুমকি ইমেলে খালিস্তানপন্থী স্লোগান, ১৯৮৪ সালের শিখ-বিরোধী গণহত্যার প্রসঙ্গ এবং খালিস্তান ন্যাশনাল আর্মি ও বাবর খালসার মতো সংগঠনের নামও উল্লেখ করা হয়েছে।
অক্টোবর মাস থেকে ধরলে এটি চতুর্থ হুমকির ঘটনা। মুম্বাইয়ে পাওয়া নতুন হুমকি ইমেলে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো জলসা, মেয়রের দপ্তর এবং অন্যান্য জনবহুল স্থানকে নিশানা করার কথা বলা হয়েছে। এর আগেও অক্টোবর থেকে জলসায় তিনবার এমন বোমা হামলার হুমকি এসেছিল। ২৩ অক্টোবর, ৬ নভেম্বর এবং ১২ নভেম্বর হুমকি ইমেল পাওয়া গেলেও আগের তল্লাশি ও তদন্তে সন্দেহজনক কিছু মেলেনি। তবে নতুন ইমেইলগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ।