কম সময়ে পুষ্টিকর ব্রেকফাস্ট খুঁজছেন? ডিম দিয়ে তৈরি করুন টার্কিশ মেনেমেন

সকালের প্রতিদিন একই খাবার খেয়ে একঘেয়েমি চলে আসে অনেকেরই। পুষ্টিগুণে ভরপুর অথচ সুস্বাদু কোনো খাবার খুঁজছেন? তাহলে ট্রাই করতে পারেন তুরস্কের জনপ্রিয় ব্রেকফাস্ট ডিশ ‘মেনেমেন’। দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি অতুলনীয়। ডিম ও বিভিন্ন সবজির সমন্বয়ে তৈরি এই ডিশটি শরীরে পুষ্টির জোগান দিতে দারুণ কার্যকর।
মেনেমেন তৈরির পদ্ধতিটি বেশ সহজ। প্রথমে একটি প্যানে ১ টেবিল চামচ মাখন ও ১ টেবিল চামচ অলিভ অয়েল গরম করে নিন। এতে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং স্বাদমতো কাঁচা মরিচ দিয়ে হালকা ভেজে নিন। এরপর এতে কুচি করা টমেটো দিয়ে ততক্ষণ রান্না করুন যতক্ষণ না তা ঘন সসের মতো হয়ে আসে। মিশ্রণটিতে স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়া ও চিলি ফ্লেকস যোগ করুন। এবার আঁচ কমিয়ে ডিমগুলো সরাসরি প্যানের মিশ্রণের ওপর ঢেলে দিন। ডিমগুলো প্যানে দেওয়ার পর চামচ দিয়ে হালকাভাবে নেড়ে নিন যাতে সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। মনে রাখবেন, ডিম খুব বেশি শক্ত বা ড্রাই করা যাবে না। নামানোর আগে উপরে প্রচুর পরিমাণে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলের টার্কিশ মেনেমেন! গরম গরম ব্রেড বা টোস্টের সঙ্গে পরিবেশন করলে সকালের নাস্তা হবে পরিপূর্ণ।