লাল-হলুদে মেগা ধামাকা! এবার ইস্টবেঙ্গলের নতুন অভিভাবক শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়?

উৎসবের মরশুমেই ইস্টবেঙ্গল ক্লাবে কি আসতে চলেছে বিশাল আর্থিক মোড়? লাল-হলুদের নতুন বিনিয়োগকারী হিসেবে একটি বড় শিল্পগোষ্ঠীর নাম সামনে আসতেই এই মুহূর্তে কলকাতার ময়দান জুড়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের সম্ভাব্য নতুন বিনিয়োগকারী হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড। তবে সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ এবং আনুষ্ঠানিক চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ক্লাব বা সংস্থার তরফে কোনো সরকারি ঘোষণা করা হচ্ছে না।

পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের ‘দ্য চ্যাটার্জি গ্রুপ’ (TCG) মূলত হলদিয়া পেট্রোকেমিক্যালসের প্রধান চালিকাশক্তি। পাশাপাশি, নতুন বিনিয়োগকারী হিসেবে আরও দুটি বড় সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স ও আকাশ এয়ারওয়েজের নামও চর্চায় আসছে, যেখানে জড়িয়ে রয়েছে বিখ্যাত বাঙালি শিল্পপতি আদিত্য ঘোষের নাম। তবে লড়াইয়ে আপাতত বেশ কিছুটা এগিয়ে পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সংস্থাই। উল্লেখ্য, গত ২৫ অগস্ট ইমামি গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে বিনিয়োগকারী হিসেবে সরার কথা জানিয়েছিল। তবে স্পনসর হিসেবে পাশে থাকার ইঙ্গিত দেয় তারা। ইমামির বিদায়ের পর নতুন বিনিয়োগকারী কে হতে চলেছে, তা নিয়ে চিন্তায় ছিলেন লাল-হলুদ ভক্তরা। আপাতত জুপিটার ওয়াগন, কিংফিশার ও ইমামির স্পনসরশিপেই এগোচ্ছে ইস্টবেঙ্গলের ফুটবল মরশুম। এই অবস্থায় হলদিয়া পেট্রোকেমিক্যালসের নাম ভেসে ওঠায় নতুন আশার আলো দেখছেন সমর্থকরা।

তবে নতুন চুক্তি কত বছরের হবে, ক্লাব পরিচালনায় বিনিয়োগকারীদের ভূমিকা কতটা থাকবে কিংবা দল গঠনে বাজেটের পরিমাণ কী দাঁড়াবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। ক্লাব সূত্রে জানা গেছে, পুরনো কোম্পানির শেয়ার হস্তান্তর এবং নতুন কোম্পানি গঠনের জটিল প্রক্রিয়ার কাজ জোরকদমে চলছে। এই জটিলতার কারণে ফুটবলারদের বকেয়া বেতন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও, তা আপাতত মেটানো সম্ভব হয়েছে বলে খবর। এখন দেখার, আনুষ্ঠানিকভাবে কবে নতুন বিনিয়োগকারীর হাত ধরে মাঠে নামে ইস্টবেঙ্গল।