পাকিস্তান বধের বদলা! আমিরশাহীকে উড়িয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের যুবারা, হিরো কে?

পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ভারতীয় অনূর্ধ্ব-19 দল। ওমানের আল-আমেরট ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত মহাগুরুত্বপূর্ণ মরণবাঁচন ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীমকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারতের ছোটরা। বীরেন্দ্র সেহবাগ-পুত্র আর্যবীর সেহবাগের বিধ্বংসী ‘ড্যাডি হান্ড্রেড’ এবং বোলার ঈশান সুদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদেই এই দারুণ জয় তুলে নিল দল।

আর্যবীরের ব্যাটে বড় রান ভারতের

এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আমিরশাহী। শুরুতেই অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি (১৭) দ্রুত আউট হলেও, দলের হাল ধরেন ওপেনার আর্যবীর ও ভিকে বিনীথ। দ্বিতীয় উইকেটে এই জুটি দলের স্কোরবোর্ডে যোগ করে মূল্যবান ১৯৩ রান। বিনীথ ৬৭ রান করে আউট হলেও নিজের দাপট বজায় রাখেন আর্যবীর।

প্রথম ম্যাচে অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও এদিন আর সেই ভুল করেননি তিনি। ১২৯ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর নিজের ইনিংসকে ‘ড্যাডি হান্ড্রেড’-এ রূপান্তর করেন তরুণ তুর্কি। শেষ পর্যন্ত ১৬৭ বলে ১৭টি চার ও ৭টি বিশাল ছক্কার সাহায্যে চোখধাঁধানো ১৬০ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। ইনিংসের ৩৮তম ওভারে এক বাঁ-হাতি স্পিনারকে আক্রমণ করে এক ওভারে একাই ২১ রান তুলে নেন তিনি, যা মনে করিয়ে দেয় তাঁর বাবা বীরেন্দ্র সেহবাগের পুরোনো দিনের কথা। শেষদিকে কয়েকটি উইকেট দ্রুত পড়লেও নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩0৯ রান তোলে ভারত। আমিরশাহীর পক্ষে নাসিম খান ৪8 রানে চার উইকেট নেন।

বোলারদের নৈপুণ্যে এল জয়

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের আঁটসাঁট বোলিংয়ের মুখে পড়ে আমিরশাহীর ব্যাটিং লাইনআপ। আহমেদ খুদাদাদ (৭৪) এবং নুরুল্লাহ আয়োবির (৩৯) কিছু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ৫০ ওভারে ২৩৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ঈশান সুদ, যিনি মাত্র ৩৭ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। বাকি বোলাররাও প্রত্যেকে একটি করে উইকেট দখল করে দলের জয় সুনিশ্চিত করেন। প্রথম ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারানোর পর পাকিস্তানের কাছে সামান্য ব্যবধানে হারলেও, এই জয়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল ভারত।