পদ্মশ্রী পেয়ে আবেগে ভাসলেন ‘হিটম্যান’! রোহিতের গলায় এবার কোন বড় লক্ষ্যের সুর?

ভারতীয় ক্রিকেটে অনবদ্য অবদানের স্বীকৃতি। ২০২৪-এ ভারতকে টি-টোয়েন্টি বিশ্বসেরা করার কারিগর রোহিত গুরুনাথ শর্মাকে এ বছর ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে আপ্লুত রোহিত স্পষ্ট জানিয়ে দিলেন, দায়িত্ব যাই হোক না কেন, দেশের জন্য ট্রফি জয়ের লড়াই তিনি থামাবেন না।
দূরদর্শন স্পোর্টসের পক্ষ থেকে শেয়ার করা এক ভিডিও বার্তায় মুম্বইকর বলেন, “পদ্ম সম্মান পাওয়া আমার এবং আমার পরিবারের জন্য এক চরম গর্বের মুহূর্ত। এই অসামান্য স্বীকৃতির জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি কৃতজ্ঞ সেই সমস্ত মানুষদের প্রতি, যারা আমার এই দীর্ঘ কেরিয়ারে পাশে থেকেছেন।” ৩৯ বছর বয়সী রোহিত আরও যোগ করেন, “দেশের হয়ে ম্যাচ জেতা এবং ট্রফি জেতার প্রচেষ্টা আমার আজীবন জারি থাকবে।”
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রোহিত আজ বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ৫০টি আন্তর্জাতিক সেঞ্চুরি এবং ২০ হাজারেরও বেশি রানের মালিক তিনি। অধিনায়ক হিসেবেও তাঁর সাফল্য ঈর্ষণীয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি তাঁর নেতৃত্বেই গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ফর্ম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। লক্ষ্য একটাই— ২০২৭ বিশ্বকাপ।
রোহিতের পাশাপাশি মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরও পদ্মশ্রী পাচ্ছেন। চলতি বছর ক্রীড়াক্ষেত্রে মোট আটজন এই সম্মান পাচ্ছেন, যার মধ্যে টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ পাচ্ছেন পদ্মভূষণ। প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় ঘোষিত এই তালিকায় সবিতা পুনিয়া এবং প্রবীণ কুমারদের নামও রয়েছে। তবে রোহিতের এই ‘ট্রফি জয়’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ক্রিকেট মহলে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।