৫০ কোটি নগদ ও ১৫ কেজি সোনা! দুবাই থেকে ফিরেই হাইকোর্টে ছুটলেন পাথর মাফিয়া টুলু মণ্ডল

সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষাকবচ নিয়ে দেশে ফেরার পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের পাথর মাফিয়া হিসেবে পরিচিত টুলু মণ্ডল। নিজের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে—এমন তথ্য সামনে আসার পরই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি, যাতে এর মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করা হয়।

বৃহস্পতিবার টুলু মণ্ডলের পক্ষে আইনজীবী কিশোর দত্ত বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, সুপ্রিম কোর্ট তাঁকে তিন সপ্তাহের রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই গত সোমবার, ১৭ নভেম্বর তিনি দেশে ফিরেছেন। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে যেন তাঁর বক্তব্য শোনা হয়, এই আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন টুলু। বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং আগামীকাল এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ এবং নিম্ন আদালতের গ্রেফতারি পরোয়ানা বাতিল করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন টুলু মণ্ডল। সে সময় পুলিশ আদালতে রিপোর্ট দিয়ে জানায় যে টুলু মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আবেদন খারিজ করে দিয়েছিলেন।

হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন টুলু মণ্ডল। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ তাঁকে ১৭ নভেম্বরের মধ্যে ভারতে ফেরার নির্দেশ দেয় এবং জানায়, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ।

পুলিশ ও তদন্তকারী মহলের দাবি অনুযায়ী, বীরভূমের এই পাথর মাফিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ কোটিরও বেশি নগদ টাকা এবং ১৫ কেজির বেশি সোনার বাট উদ্ধার করা হয়েছিল। তার আগেই গত ২৩ মে তিনি দুবাইয়ে পালিয়ে গিয়েছিলেন বলে দাবি পুলিশের। দেশে ফেরার পর লুকআউট সার্কুলার ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে এবার হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট মহল।