৫০০ টাকার লটারিতেই ঘুরল ভাগ্য! রাতারাতি ১২ কোটি টাকার মালিক হলেন মোহালির সাধারণ টিপার চালক

মাত্র ৫০০ টাকার একটি লটারির টিকিট কীভাবে একজন সাধারণ মানুষের জীবন বদলে দিতে পারে, তার এক অবিশ্বাস্য নজির দেখা গেল পঞ্জাবের মোহালিতে। পেশায় সামান্য এক টিপার চালক ও কৃষক বলজিন্দর সিং দিওয়ালি বাম্পার লটারিতে প্রথম পুরস্কার জিতে রাতারাতি ১২ কোটি টাকার মালিক হয়েছেন। তবে সমস্ত আইনি প্রক্রিয়া ও কর কাটার পর তাঁর হাতে আসবে ৮.৪০ কোটি টাকা। এই আকস্মিক সৌভাগ্যে বলজিন্দরের পরিবারে এখন আনন্দের বন্যা বয়ে চলেছে।
টিভি৯ ভারতবর্ষের প্রতিবেদন অনুযায়ী, মোহালির ডেরাবাসির নিকটবর্তী হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সি বলজিন্দর সিং গত ১০ নভেম্বর হান্দেসরার এক লটারি বিক্রেতার কাছ থেকে মাত্র ৫০০ টাকা দিয়ে একটি টিকিট কিনেছিলেন। সোমবার রাত ১১টা নাগাদ তিনি জানতে পারেন যে তাঁর কেনা টিকিটেই লেগেছে প্রথম পুরস্কার। জানা গিয়েছে, বলজিন্দরের পরিবার বিগত ১৫ বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনে আসছিল। দীর্ঘদিনের সেই অধ্যাবসায় ও ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাঁর দুই সন্তান, বৃদ্ধ বাবা সহ গোটা পরিবার ও আত্মীয়-স্বজনরা।
পুরস্কারের টাকা পেতে কতদিন সময় লাগবে? বিজয়ী বলজিন্দর সিংয়ের ৩০ শতাংশ কর কর্তন করা হবে, যার ফলে তিনি হাতে পাবেন ৮.৪০ কোটি টাকা। তবে এই বিশাল অঙ্কের পুরস্কারের অর্থ হাতে পেতে দেড় থেকে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী, বিজয়ীকে মূল লটারির টিকিট, দুটি পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পাঞ্জাব লটারি পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। এরপর বিভাগটি একটি ফাইল প্রস্তুত করে সরকারের কাছে পাঠাবে এবং সমস্ত সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরেই বিজয়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত করা হবে।
কী বলছেন সৌভাগ্যবান বলজিন্দর? ইতিমধ্যেই বলজিন্দর সিং ও তাঁর সঙ্গীরা জিরাকপুরের লটারি অফিসে গিয়ে পুরস্কারের টাকা গ্রহণের জন্য প্রাথমিক কাগজপত্র সংক্রান্ত কাজ সম্পন্ন করেছেন। লটারি জেতার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলজিন্দর জানান, “আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। আমি বিগত ১৫ বছর ধরে লটারিতে অংশ নিচ্ছি। পেশায় আমি একজন চালক এবং টিপার চালাই।”
এদিকে, হঠাৎ করে হাতে এত টাকা আসলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই মুহূর্তে অর্থ কীভাবে খরচ করা হবে সে বিষয়ে তাঁরা এখনও নির্দিষ্ট কোনো পরিকল্পনা করেননি। তাঁদের প্রধান ও প্রথম অগ্রাধিকার হলো সমস্ত আইনি ও কাগজপত্রের প্রক্রিয়া সম্পন্ন করে নিরাপদে পুরস্কারের অর্থ হাতে পাওয়া। সাধের লটারির টিকিটে রাতারাতি ভাগ্যের এমন নাটকীয় বদল দেখে এখন হতবাক গোটা গ্রামবাসীও।