২.২৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ, ১ কোটি চাকরি! ৩০ দিনে অনুমোদন না মিললে ৩১তম দিনে স্বয়ংক্রিয় ছাড়—বিহারে বড় চমক

রাজ্যের শিল্প পরিকাঠামো জোরদার করতে এবং বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ নিল বিহার সরকার। রাজ্যে ২.২৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব অনুমোদন পাওয়ার পাশাপাশি ১ কোটি যুবকের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়েছে। এই প্রেক্ষাপটে আয়োজিত ‘উদ্যোক্তা সংলাপ’ এবং ‘এমওইউ বিনিময়’ অনুষ্ঠানে যোগ দিয়ে বিনিয়োগকারীদের প্রতি বিশেষ আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিল্প ও শক্তি বিভাগ এবং একাধিক বড় সংস্থার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি “বিহারে গড়ুন, বিহারে বিশ্বাস রাখুন” স্লোগান দেন। সম্রাট চৌধুরীর দাবি, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে বিহার সম্পূর্ণ প্রস্তুত এবং শিল্পপতি ও বিনিয়োগকারীদের নির্দ্বিধায় রাজ্যে এগিয়ে আসা উচিত।
৩০ দিনে অনুমোদন, না হলে স্বয়ংক্রিয় ছাড়
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বিশেষ আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। জানানো হয়েছে, বিহারে বিনিয়োগের প্রস্তাবগুলি ৩০ দিনের মধ্যে অনুমোদন করা হবে। নির্ধারিত ৩০ দিনের মধ্যে অনুমোদন না মিললে ৩১তম দিনে সংশ্লিষ্ট প্রস্তাবটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে।
বিদ্যুৎ ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি
অনুষ্ঠানে উঠে আসা তথ্য অনুযায়ী, রাজ্যে ১১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি ছয় বছরে ১৩ লক্ষ সরকারি চাকরি দেওয়ার দাবিও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। সব মিলিয়ে বড় বিনিয়োগ, বিদ্যুৎ পরিকাঠামো এবং কর্মসংস্থানের আশ্বাসে বিহারে নতুন শিল্প-অধ্যায়ের সূচনার বার্তা দিয়েছে প্রশাসন।