২৪ হাজার কোটি নেপালি রুপির প্যাকেজ মোদীর! বালেনের সঙ্গে বৈঠকে আর কী বড় ঘোষণা?

নেপালের দুর্যোগ মোকাবিলা এবং পুনর্গঠনের লক্ষ্যে বড়সড় আর্থিক সহায়তার ঘোষণা করল ভারত। সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর ২৪ হাজার কোটি নেপালি রুপির আর্থিক সহায়তার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতার এই সাক্ষাৎ ও সহায়তা প্যাকেজ ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
হায়দরাবাদ হাউজে বৈঠক ও শোকপ্রকাশ
নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে আয়োজিত বৈঠক ও যৌথ সাংবাদিক বিবৃতিতে নেপালে হড়পা বানে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, নেপালের বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি ভারতের সমবেদনা রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানো ও পুনর্বাসনে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
প্রধানমন্ত্রী মোদীর কথায়, “এই নেপাল বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি গভীর শোকপ্রকাশ করছি। একইসঙ্গে নেপালের সাহায্য এবং উন্নতির জন্য ভারত ২৪ হাজার নেপালি টাকার সাহায্য ঘোষণা করেছে।”
কোন কোন খাতে জোর?
জানা গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা, শক্তি উৎপাদন, বাণিজ্য এবং পরিকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে রেখেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। দুর্যোগে ক্ষতিগ্রস্ত সম্পত্তি ও পরিকাঠামো মেরামতির পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করাই এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।