২১ বছর পর ফের একসঙ্গে ইমরান-হিমেশ! ‘গানমাস্টার জি৯’-এ কী বড় চমক আসছে?

এক গানেই রাতারাতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘আশিক বানায়া আপনে’ ছবির টাইটেল ট্র্যাক আজও বলিউডের জনপ্রিয় গানগুলোর তালিকায় রয়েছে। ওই ছবির হাত ধরেই পরিচালক আদিত্য দত্ত, অভিনেতা ইমরান হাশমি এবং সুরকার হিমেশ রেশমিয়ার জুটি নজর কেড়েছিল। দীর্ঘ ২১ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন তাঁরা। আসন্ন ছবি ‘গানমাস্টার জি৯’-কে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে পুরনো দিনের সেই স্মৃতি আর প্রত্যাশার আবহ।
রিয়্যালিটি শোয়ের মঞ্চে দু’জনের কথা
সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে একসঙ্গে দেখা যায় ইমরান ও হিমেশকে। সেখানে নিজেদের পুরনো কাজের অভিজ্ঞতা এবং নতুন ছবি নিয়ে কথা বলেন দু’জনে। ২১ বছর পর ফের একসঙ্গে ফেরার প্রসঙ্গে ইমরান জানান, সময়ের সঙ্গে সিনেমার ধরন ও গান বদলেছে, তাঁদের মধ্যেও কিছুটা পরিবর্তন এসেছে। তবে দর্শকদের ভালোবাসা আগের মতোই অটুট রয়েছে বলে মনে করেন তিনি।
একে অপরের প্রশংসায় দু’জনে
নিজের জনপ্রিয় গানের সাফল্যের কৃতিত্ব সুরকার হিমেশ রেশমিয়াকেই দিয়েছেন ইমরান হাশমি। তাঁর কথায়, গান, টিজার বা ট্রেলারের সাফল্যের কৃতিত্ব হিমেশের প্রাপ্য; পর্দায় গানের সঙ্গে শুধু ঠোঁট মেলানোর কাজটাই তিনি করতেন।
অন্যদিকে হিমেশের মতে, ইমরানের অভিনয় এবং পর্দায় গানের সঙ্গে তাঁর উপস্থাপনা দর্শকদের কাছে আলাদা মাত্রা যোগ করে। পুরনো জুটির এই ফেরা ‘গানমাস্টার জি৯’-এ কতটা সাড়া ফেলে, সেদিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।