২০৭০ সালে মুসলিম জনসংখ্যায় শীর্ষে পাকিস্তান! খ্রিস্টানদের সংখ্যা নিয়ে বড় চমক

২০৩৫ সালের মধ্যে ইসলাম ধর্ম খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। উভয় ধর্মের অনুসারী সংখ্যাই বাড়লেও মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের গবেষণা তুলে ধরে পিটিআই-র প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনের মূল কারণ মুসলমানদের মধ্যে উচ্চ জন্মহার, যেখানে ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের ভূমিকা খুবই সামান্য। পিউ-এর সিনিয়র জনসংখ্যা বিশেষজ্ঞ কনরাড হ্যাকেটের ভাষায়, মূল কারণ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় জন্মহার ছিল প্রতি নারী পিছু ৩.১টি সন্তান এবং খ্রিস্টান নারীদের ক্ষেত্রে ২.৫টি, যেখানে অন্যান্য জনগোষ্ঠীর নারীদের গড় ছিল ১.৬, যা প্রতিস্থাপন হার ২.১-এর চেয়ে কম।

পিউ-এর হিসেব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান ছিলেন ২.২৭ বিলিয়ন এবং মুসলিম ২.০২ বিলিয়ন। পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা বেড়ে ২.৫৭ বিলিয়ন এবং খ্রিস্টান জনসংখ্যা ২.৫২ বিলিয়নে পৌঁছবে। ধারা বজায় থাকলে ২০৭০ সাল নাগাদ মুসলমানদের সংখ্যা ৩.৬ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে এবং খ্রিস্টানরা ৩ বিলিয়নের সামান্য নীচে থাকবেন।

২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর জনসংখ্যার পরিবর্তন খতিয়ে দেখা এই গবেষণায় বয়স কাঠামো, জন্মহার, অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের মতো দিক ধরা হয়েছে। পিউ জানিয়েছে, আগামী ৪০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবেন না; বর্তমানে ৬২ শতাংশ থাকলেও ২০৬৫ সালের মধ্যে তা ৫০ শতাংশের নীচে নামতে পারে। কানাডায় ২০৩০ সালের মধ্যেই খ্রিস্টান জনসংখ্যা ৫০ শতাংশের নীচে নামার অনুমান রয়েছে, যেখানে ধর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধি একটি বড় কারণ। ২০৭০ সালে যুক্তরাষ্ট্রে এ গোষ্ঠী ৪১ শতাংশে পৌঁছতে পারে এবং কানাডায় খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে।

২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যা ২৯ শতাংশ বাড়বে বলে আন্দাজ করা হয়েছে। এই বৃদ্ধির হারের সঙ্গে খ্রিস্টান ও মুসলিম জনসংখ্যাই তাল মেলাতে পারে; খ্রিস্টান জনসংখ্যা ৩০ শতাংশ এবং মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের অংশ কমবে, আর বৌদ্ধদের সংখ্যা ও অনুপাত উভয়ই কমার পূর্বাভাস রয়েছে।

আগামী দশকগুলোতে বিশ্ব জনসংখ্যার বড় অংশ বাড়বে আফ্রিকায়, বিশেষ করে সাব-সাহারান আফ্রিকায়, যেখানে উচ্চ জন্মহার ও গড় আয়ু বৃদ্ধির ফলে খ্রিস্টান ও মুসলিম উভয় জনগোষ্ঠীই বাড়বে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিস্টান সাব-সাহারান আফ্রিকায় থাকবেন এবং কঙ্গো ২৭০ মিলিয়ন খ্রিস্টান নিয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে পারে। বিপরীতে ২০৭০ সালের মধ্যে ইউরোপের জনসংখ্যা ১৭ শতাংশ কমতে পারে, খ্রিস্টান ৫০৫ মিলিয়ন থেকে কমে ৩২৪ মিলিয়নে নামতে পারে এবং মুসলমানদের অনুপাত ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হতে পারে। যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ২১৭ মিলিয়ন থেকে কমে ১৭৪ মিলিয়ন হতে পারে। ২০২০ থেকে ২০২৫ সালে মুসলিম মায়েদের ঘরে প্রায় ২৫২ মিলিয়ন ও খ্রিস্টান মায়েদের ঘরে ২০৮ মিলিয়ন শিশুর জন্ম হয়েছে। ধারা বজায় থাকলে ২০৭০ সালে পাকিস্তানে সবচেয়ে বেশি মুসলিম থাকবেন, এরপর ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।