১৭২ বিপ্লবীর ফাঁসি! নেহরু কেন এগিয়ে আসেননি? জওহরলালকে নিয়ে বিস্ফোরক দাবি যোগী আদিত্যনাথের

ঐতিহাসিক চৌরি চৌরা ঘটনার প্রসঙ্গ তুলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, ব্রিটিশ জমানায় যখন ১৭২ জন বিপ্লবীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তখন নেহরু তাঁদের রক্ষায় এগিয়ে আসেননি। উলটো দিকে, পণ্ডিত মদন মোহন মালবীয় আইনি লড়াই চালিয়ে ১৫১ জন বিপ্লবীকে ফাঁসির হাত থেকে বাঁচিয়েছিলেন।

রবিবার উত্তরপ্রদেশের চৌরি-চৌরা বিধানসভা কেন্দ্রে ২৮৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এই তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “কংগ্রেসের লোকেরা প্রায়শই দাবি করেন যে পণ্ডিত জওহরলাল নেহেরু একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন; কিন্তু সত্য হলো, ১৯২২ সালের ৪ ফেব্রুয়ারির চৌরি-চৌরা ঘটনার পর ব্রিটিশরা যখন কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ ১৭২ জন বিপ্লবীকে মৃত্যুদণ্ড দিয়েছিল, তখন নেহেরু তাদের পক্ষ সমর্থনে এগিয়ে আসেননি।”

এর পরেই পণ্ডিত মদন মোহন মালবীয়ের অবদানের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান, সেই সংকটজনক মুহূর্তে পণ্ডিত মদন মোহন মালবীয় এগিয়ে আসেন এবং আইনি লড়াই ও কার্যকর সমর্থনের মাধ্যমে ১৭২ জনের মধ্যে ১৫১ জনকে ফাঁসির দড়ির হাত থেকে সফলভাবে রক্ষা করেছিলেন। রাজনৈতিক মহলের মতে, যোগী আদিত্যনাথের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা উসকে দিয়েছে।