১৫০ টাকার ডিম বিক্রি হতো ২০০০ টাকায়! বারাণসীতে ৬৫০টি নিষিদ্ধ ডিমসহ ধৃত ৩

উত্তর প্রদেশের বারাণসীতে নিষিদ্ধ প্রজাতির তোতাপাখির ডিম পাচারের এক বড় চক্রের পর্দাফাঁস করল স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ৬৫০টি ডিমসহ তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা উত্তর প্রদেশ থেকে কম দামে ডিম কিনে বিহার ও পশ্চিমবঙ্গে অনেক বেশি দামে বিক্রি করত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গোয়েন্দা সূত্রে নিষিদ্ধ তোতাপাখি পাচার চক্রের খবর পেয়ে লখনউ এসটিএফ-এর একটি দল বারাণসীতে বন বিভাগের সহযোগিতায় অভিযান চালায়। আদমপুর থানা এলাকার গোলগড্ডা মোড়ে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়। ধৃতরা হলেন বিহারের পাটনার বাসিন্দা মহম্মদ সামিম, মহম্মদ নাসিদ এবং আফতাব।

অভিযুক্তদের কাছ থেকে সংরক্ষিত প্রজাতির রোজ রিং প্যারট এবং আলেকজান্দ্রিন প্যারাকিটের মোট ৬৫০টি ডিম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুটি মোবাইল ফোন ও একটি বোলেরো পিকআপ গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো পাচার নেটওয়ার্কের শিকড় খুঁজতে ধৃতদের জেরা করছে এসটিএফ।

জিজ্ঞাসাবাদে পাচারের যে চাঞ্চল্যকর কৌশল সামনে এসেছে, তাতে হতবাক তদন্তকারীরাও। অভিযুক্তরা উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ প্রজাতির তোতাপাখি ও তাদের ডিম সংগ্রহ করত। তদন্তকারীদের দাবি, উত্তর প্রদেশে প্রতিটি ডিম ১৫০ থেকে ২০০ টাকায় কিনে বিহার ও পশ্চিমবঙ্গে তা ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হতো, যার ফলে বিপুল মুনাফা লুটত চক্রটি।

বন বিভাগের যৌথ অভিযানে ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা রুজু হয়েছে। এই অবৈধ কারবারের সঙ্গে আর কারা যুক্ত, অভিযুক্তরা কতদিন ধরে এই চক্র চালাচ্ছে এবং কোন কোন এলাকা থেকে ডিম ও পাখি সরবরাহ করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও বন বিভাগ।