১০০ টাকার টোলে ৬০০ টাকা গুনতে হতে পারে! নতুন নিয়মে বড় সতর্কতা

টোল প্লাজায় টাকা বাঁচাতে গাড়ির নম্বর প্লেট ঢেকে রাখলে বা ইচ্ছাকৃতভাবে ফাস্ট্যাগ না লাগালে এবার কড়া জরিমানার মুখে পড়তে হতে পারে। সামান্য ১০০ টাকার টোল ফাঁকি দেওয়ার চেষ্টায় মোট ৬০০ টাকা দিতে হতে পারে। টোল ফাঁকি রুখতে এই বড় পদক্ষেপ ঘোষণা করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। ইচ্ছাকৃতভাবে নম্বর প্লেট আড়াল করা বা তাতে কারসাজি করে টোল এড়ানোর চেষ্টা করলে মূল টোলের পাঁচ গুণ জরিমানা ধার্য হবে। অর্থাৎ ১০০ টাকা টোলের ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা এবং মূল ১০০ টাকা মিলিয়ে মোট ৬০০ টাকা দিতে হবে।

শুক্রবার এই নতুন জরিমানার কথা জানিয়েছে মন্ত্রক। মূলত ব্যারিয়ার-ছাড়া টোল আদায় ব্যবস্থায় টোল ফাঁকি ঠেকাতেই এই পদক্ষেপ। ইচ্ছাকৃতভাবে ফাস্ট্যাগ না লাগিয়ে টোল এড়ানোর চেষ্টা করলেও একই জরিমানা প্রযোজ্য হবে। তবে সব ক্ষেত্রে এটি কার্যকর নয়; টোল ফাঁকি দেওয়ার উদ্দেশ্য প্রমাণিত হলে তবেই এই নিয়ম লাগু হবে। গাড়ির সামনের বা পিছনের নম্বর প্লেট কিংবা দু’টিই ঢেকে রাখা বা তাতে কারসাজির পাশাপাশি ফাস্ট্যাগ শনাক্ত না হলে এই জরিমানা চাপানো হবে।

নম্বর প্লেট ও ফাস্ট্যাগ শনাক্ত না গেলে কীভাবে গাড়ি চিহ্নিত হবে? সেজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। ব্যবহার করা হচ্ছে ভেহিকল ফিঙ্গারপ্রিন্টিং প্রযুক্তি এবং গাড়ির পরিচয় ও মালিকের তথ্য খুঁজতে সরকারি তথ্যভাণ্ডার বাহন-এর সহায়তা নেওয়া হবে।

নতুন নিয়ম দেশের বর্তমান ও ভবিষ্যতের সমস্ত মাল্টি-লেন ফ্রি ফ্লো টোল প্লাজায় প্রযোজ্য করার প্রস্তাব রয়েছে, যেখানে গাড়ি না থামিয়ে ক্যামেরা ও ফাস্ট্যাগ রিডারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল কাটা হয় এবং নম্বর প্লেট পড়তে অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন ক্যামেরा ব্যবহৃত হয়। গুজরাটের চোরিয়াসিতে ১ মে প্রথম ব্যারিয়ার-ছাড়া টোল প্লাজা চালু হয় এবং পরে দিল্লির মুন্ডকাসহ আরও আটটি স্থানে এটি শুরু হয়েছে। ফাস্ট্যাগে ব্যালেন্স কম বা লেনদেন ব্যর্থ হলেই জরিমানা হবে না; ইচ্ছাকৃত ফাঁকি ও প্রযুক্তিগত ত্রুটির মধ্যে পার্থক্য রাখা হয়েছে। বর্তমানে বকেয়ায় ই-নোটিস পাঠানো হয় এবং ৭২ ঘণ্টার মধ্যে মেটালে মূল টোল দিতে হয়, সময় পেরোলে তা দ্বিগুণ হয়।