নাড়ি দেখে রোগ নির্ণয়ে এআই! গুগলের অনুদান নিয়ে বড় বার্তা সুমন চক্রবর্তীর

ভারতীয় ঐতিহ্য ও প্রাচীন জ্ঞানকে আধুনিক জীবনে কাজে লাগাতে অনুঘটক হিসেবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর এই কাজে ব্যবহার করা হবে গুগলের দেওয়া ৪৬ কোটি টাকার অনুদান। শনিবার সকালে মেদিনীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী। সম্প্রতি গুগল সিইও তথা আইআইটির প্রাক্তনী সুন্দর পিচাই পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খড়গপুর আইআইটি সফরের ঠিক পরদিনই এই অনুদান ঘোষণা করা হয়।
ডিরেক্টর সুমন চক্রবর্তী জানান, পাঁচ মিলিয়ন ডলারের ভারতীয় মূল্য প্রায় ৪৬ কোটি টাকা। এই অর্থ এআই সংক্রান্ত পড়াশোনা ও গবেষণায় খরচ করা হবে, যার মধ্যে শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি ভারতীয় পরম্পরাগত জ্ঞান সংরক্ষণ ও প্রয়োগেও এই তহবিল ব্যবহার করা হবে বলে জানান তিনি।
উদাহরণ তুলে ধরে অধ্যাপক চক্রবর্তী বলেন, অতীতে আয়ুর্বেদ চিকিৎসকরা ল্যাবের ডায়াগনস্টিক টেস্ট ছাড়াই হাতের নাড়ি দেখে রোগ সম্পর্কে ধারণা দিতে পারতেন। গুরু-শিষ্য পরম্পরায় চলে আসা এই দক্ষতা খুব কম সংখ্যক বিশেষজ্ঞের কাছে থাকলেও তা ডিজিটাইজ করে এআই-এর মাধ্যমে সামনে আনা সম্ভব হলে চিত্র বদলে যেতে পারে।
তিনি ব্যাখ্যা করেন, কেউ পালস রেকর্ড করলে তা বিশ্লেষণ করে এআই প্রাথমিক স্ক্রিনিংয়ে জানাতে পারবে কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, যার পর বিস্তারিত রোগ নির্ণয় করা যাবে। নাড়ি বা প্রেশার মাপার মতো কাজে প্রাচীন চিকিৎসা পদ্ধতি এআই-এর মাধ্যমে যুক্ত হলে চিকিৎসা ব্যবস্থায় বড় বিবর্তন ঘটতে পারে এবং পুরনো ঐতিহ্যলব্ধ জ্ঞান নতুন আলোয় ফিরে এসে বহু মানুষের উপকারে লাগবে বলে আশাবাদী তিনি।