কেন্দ্রের সংশোধিত ডিলিমিটেশন বিলে সায় ডিএমকের, বড় জয় দাবি স্ট্যালিনের

কেন্দ্রের সংশোধিত ডিলিমিটেশন বিলকে সমর্থন করার আনুষ্ঠানিক ঘোষণা করলেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, শুরুতে এই বিলের বিরোধিতা করলেও নতুন বিলে ডিএমকের দুটি গুরুত্বপূর্ণ দাবি লিখিতভাবে অন্তর্ভুক্ত হওয়ায় সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, ২০২৪ সাল থেকে চলা ধারাবাহিক আন্দোলনের ফলেই এই সাফল্য এসেছে এবং এটি কেবল তামিলনাড়ু নয়, গোটা দক্ষিণ ভারতের রাজ্যগুলির জন্যই একটি বড় জয়।

স্ট্যালিন জানান, গত এপ্রিল মাসে যে দুটি দাবিতে ডিএমকে বিলের বিরোধিতা করেছিল, সংশোধিত প্রস্তাবে সেই দুটি শর্তই যুক্ত করা হয়েছে। সাংসদদের বৈঠকের পর তিনি বলেন, সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তিতে সব রাজ্যের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বাস্তবে কার্যকর করা সম্ভব এবং তা দক্ষিণ ভারতের রাজ্যগুলির স্বার্থের অনুকূল বলে মনে করেন তিনি।

আবেগপ্রবণ না হয়ে শান্তভাবে বিষয়টি বিবেচনার পরামর্শ দিয়ে স্ট্যালিন বলেন, বিলটি প্রত্যাখ্যান করা হলে সব রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানোর সুযোগ হাতছাড়া হতে পারে। সংবিধানের ৩৬৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংশোধনী পাশ করাতে দুই কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যেখানে লোকসভায় ডিএমকের ২২ জন ও রাজ্যসভায় ৮ জন সাংসদের সমর্থন এনডিএ-র জন্য গুরুত্বপূর্ণ।

কেন্দ্রের সংশোধিত প্রস্তাবে প্রতিটি রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়িয়ে লোকসভার সর্বোচ্চ আসন ৮৫০ করার এবং আগামী ২৫ বছর বিদ্যমান আসন অনুপাত বজায় রাখার কথা বলা হয়েছে। আগে স্ট্যালিন তামিলনাড়ুর ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব অক্ষুণ্ণ রাখা ও ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে আসন বণ্টন আরও ২৫ বছর অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছিলেন, যা নতুন প্রস্তাবে স্থান পেয়েছে বলে জানিয়েছে দল।