হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা রাখলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট? বড় সতর্কতা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অফিস বা অন্য কারও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করলে তা গোপনীয়তা এবং আর্থিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সাইবার প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আই৪সি) ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে।
বর্তমানে দৈনন্দিন কাজ ও জরুরি যোগাযোগের জন্য অনেকেই ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন। তবে অন্যের কম্পিউটারে লগ ইন করা কিংবা অফিসের সিস্টেমে সেশন খোলা রেখে দেওয়ার মতো অভ্যাস বিপদ ডেকে আনতে পারে। আই৪সি জানিয়েছে, খোলা থাকা লগ ইন সেশনের অপব্যবহার হলে অন্য কেউ সহজেই ওই অ্যাকাউন্টে ঢুকে পড়ার সুযোগ পেতে পারে।
কী কী ঝুঁকি রয়েছে?
আই৪সি-এর ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট বা এনসিটিএইউ-এর তথ্য অনুযায়ী, আগে থেকে লগ ইন করা অবস্থায় থাকা হোয়াটসঅ্যাপ ওয়েব সেশন প্রতারকদের হাতে পড়লে বড় ক্ষতি হতে পারে। অননুমোদিত অ্যাক্সেস পেলে প্রতারকরা ওই অ্যাকাউন্ট থেকে বার্তা পড়তে ও পাঠাতে পারে।
এমনকি ব্যবহারকারীর পরিচয় ব্যবহার করে বন্ধু, আত্মীয় বা পরিচিতদের কাছ থেকে টাকা চাওয়ার মতো প্রতারণাও চালানো হতে পারে। এর ফলে পরিচিতজনরা আর্থিক প্রতারণার শিকার হতে পারেন এবং ব্যবহারকারীর সুনাম ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
যেসব জায়গায় সতর্ক থাকা জরুরি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সাইবার ক্যাফে বা হোটেলের বিজনেস সেন্টারের মতো জায়গায় অপরিচিত বা সর্বজনীন কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার এড়িয়ে চলতে বলা হয়েছে। বিশেষ করে দাপ্তরিক, প্রাতিষ্ঠানিক, আর্থিক বা সংবেদনশীল তথ্য হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে আদান-প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
খুব প্রয়োজনে কোনো কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে হলে বিশ্বস্ত ডিভাইসে ইনকগনিটো বা প্রাইভেট মোড ব্যবহার করা উচিত। কাজ শেষ হলে কেবল ব্রাউজারের ট্যাব বন্ধ করে রাখলেই চলবে না, অ্যাকাউন্ট থেকে সরাসরি লগ আউট করতে হবে।