হেডলাইটের নতুন নিয়মে বড় বদল! বাইক-গাড়ি না বদলালে পকেট ফাঁকা হবে মোটা অঙ্কের জরিমানায়?

সড়ক দুর্ঘটনা রোধ করতে এবং রাতে গাড়িচালকদের চোখের সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ নতুন ট্রাফিক নিরাপত্তা বিধি আনার প্রস্তুতি শুরু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। ‘সেন্ট্রাল মোটর ভেহিক্যালস রুলস’-এ বড় ধরনের সংশোধনের প্রস্তাব আনা হয়েছে, যা আগামী বছরের এপ্রিল মাস থেকেই কার্যকর হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। রাতের রাস্তায় গাড়ির হেডলাইটের তীব্র আলোর ঝলকানি কমানো এবং বড় যানবাহনের দৃশ্যমানতা বাড়িয়ে পথ নিরাপত্তা সুনিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রস্তাবিত নতুন নিয়মাবলীতে যানবাহনগুলির হেডলাইট সংক্রান্ত বেশ কিছু সুনির্দিষ্ট পরিবর্তনের কথা বলা হয়েছে:
দু চাকার গাড়িতে অটোমেটিক ‘লো-বিম’: বর্তমানে নতুন দু চাকার গাড়িতে থাকা ‘অটোমেটিক হেডল্যাম্প অন’ (AHO) ব্যবস্থাটি হাই বা লো—যেকোনও মোডেই চালু হতে পারে। তবে নতুন নিয়মে প্রস্তাব দেওয়া হয়েছে যে, অটোমেটিক সিস্টেমে আলো সবসময় কেবল ‘লো-বিম’ বা কম তীব্রতায় জ্বলবে। মূলত নতুন উৎপাদিত দু চাকা বাহনগুলির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
লাইটের তীব্রতা ও কালার টেম্পারেচার হ্রাস: রাতের বেলায় বিপরীত দিক থেকে আসা গাড়ির তীব্র আলোর সমস্যায় যাতে চালকদের পড়তে না হয়, তার জন্য লাইটের ঔজ্জ্বল্য কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। দু চাকার গাড়ির ক্ষেত্রে হাই-বিম লাইটের সর্বোচ্চ সীমা ১.৫ লক্ষ ক্যান্ডেলা থেকে কমিয়ে ১ লক্ষ ক্যান্ডেলা এবং চার চাকার জন্য ২.২৫ লক্ষ ক্যান্ডেলা থেকে কমিয়ে ১.৫ লক্ষ ক্যান্ডেলা করার কথা বলা হয়েছে।
রং ও উচ্চতার কড়াকড়ি: চোখের ওপর সাদা আলোর ক্ষতিকর প্রভাব দূর করতে লাইটের সর্বোচ্চ কালার টেম্পারেচার ৬,৫০০ কেলভিনে বেঁধে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, মেইন-বিম লাইটের মাউন্টিং হাইট বা উচ্চতাও লো-বিমের সমপরিমাণ রাখার নির্দেশ দেওয়া হতে পারে।