হাসিনার ফেরা নিয়ে উত্তাল বাংলাদেশ, মানবাধিকার ও নিরাপত্তা প্রসঙ্গে কী লিখলেন তসলিমা?

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রত্যাবর্তন ঘিরে এখন উত্তাল বাংলাদেশের রাজনৈতিক মহল। বিভিন্ন স্থানে অশান্তি এবং আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে, পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ঠিক এই আবহেই হাসিনার ফেরা ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিন মনে করেন, শেখ হাসিনার নিজের দেশে ফেরার পূর্ণ অধিকার রয়েছে। তাঁর বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই থাকুক না কেন, সেগুলির জবাব দেওয়ার এবং নিরপেক্ষ আদালতে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ তাঁকে দেওয়া উচিত। পছন্দের আইনজীবী নিয়োগ, অভিযোগের বিরুদ্ধে বক্তব্য রাখা এবং আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করার অধিকার প্রত্যেক নাগরিকের প্রাপ্য বলেই উল্লেখ করেছেন তিনি।

তাঁর মতে, দেশে ফেরার অধিকার কোনও সরকারের দয়া বা অনুগ্রহ নয়; এটি একটি মানবাধিকার। তবে আদালতে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাঁকে আইনের মুখোমুখি হয়ে জবাবদিহি করতে হবে, এবং একইসঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

শেখ হাসিনার রাজনৈতিক অধিকার প্রসঙ্গেও নিজের মত স্পষ্ট করেছেন তসলিমা। তাঁর বক্তব্য, হাসিনার রাজনীতির সমালোচনা করা মানেই তাঁর প্রতি কোনও অন্যায়কে সমর্থন করা নয়। একইভাবে, অতীতের অন্যায়ের বিচার চাওয়ার পাশাপাশি তাঁর মানবাধিকারের পক্ষেও কথা বলা যায়। তসলিমার কথায়, শুধুমাত্র পছন্দের মানুষের ক্ষেত্রে মানবাধিকারের কথা বললে সেই অধিকারের আসল অর্থই নষ্ট হয়।

কোনও দেশ কোনও দল বা শাসকের ব্যক্তিগত সম্পত্তি নয়—এই যুক্তি তুলে ধরে তসলিমা লিখেছেন, দেশে ফেরার পাশাপাশি রাজনীতি করার এবং দলকে সংগঠিত করার অধিকারও থাকা উচিত। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ও আইনি পথে চ্যালেঞ্জ জানানোর সুযোগ থাকার পক্ষেও সওয়াল করেছেন তিনি।

শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়েও জোরালো মত দিয়েছেন এই সাহিত্যিক। তাঁর মতে, ধর্মীয় উগ্রবাদের বদলে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। শিশুদের বিজ্ঞান ও ইতিহাসের পাশাপাশি প্রশ্ন করতে এবং যুক্তি দিয়ে ভাবতে শেখানোর কথা বলেছেন তিনি।

নারী-পুরুষের সমানাধিকার, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার এবং ধর্মে অবিশ্বাসীদের মত প্রকাশের স্বাধীনতার শিক্ষা শৈশব থেকেই দেওয়ার পক্ষে মত দিয়েছেন তসলিমা। সাম্প্রদায়িকতা, নারী বিদ্বেষ, ধর্ষণ, খুন, দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধীর পরিচয় যাই হোক না কেন, তাকে রক্ষা করা উচিত নয়।

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও নারীদের স্বাধীনতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। তাঁর মতে, নারী ও সংখ্যালঘুদের নিরাপদ ও স্বাধীন জীবনযাপন নিশ্চিত করতে হবে, এবং মত প্রকাশের ক্ষেত্রে কারও মনে আতঙ্ক থাকা উচিত নয়। পোশাক, ভালোবাসা বা লেখার স্বাধীনতা কোনও রাজনৈতিক দল বা ধর্মীয় গোষ্ঠী নিয়ন্ত্রণ করতে পারে না—ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।