মহারাজাদের পরম্পরায় রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা, মদনমোহন মন্দিরে ভক্তদের ঢল

পরনে রাজবেশ, মাথায় পাগড়ি, গলায় মণিমুক্তা-রত্ন খচিত হার এবং রজনীগন্ধার মালা। প্রথা ও ঐতিহ্য মেনে রাসচক্র ঘুরিয়ে কোচবিহারের ঐতিহ্যবাহী উৎসবের সূচনা করলেন দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব। মঙ্গলবার সন্ধ্যায় মদনমোহন মন্দিরে বিশেষ পুজোর মধ্য দিয়ে রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুজোয় অংশ নেওয়ার পর নির্দিষ্ট রীতি মেনে রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন জেলাশাসক।
সন্ধ্যায় বিশেষ পুজো ও রাসচক্র ঘোরানোর পরই সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এরপর থেকেই হাজার হাজার ভক্ত মদনমোহন দর্শনে মন্দিরে প্রবেশ করতে শুরু করেন। এ প্রসঙ্গে জেলাশাসক বলেন, মদনমোহনের ১২টি যাত্রার অন্যতম হলো রাসযাত্রা। এমন সুযোগ পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। আরাধ্য কুলদেবতা ঠাকুর মদনমোহনই তাঁকে এই সুযোগ দিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি সকলকে রাসযাত্রা ও রাসমেলায় আসার আহ্বান জানিয়ে ঠাকুর মদনমোহনকে প্রণাম জানান জেলাশাসক।
রাজ আমলের নিয়ম মেনেই মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের পর পসার ভাঙার অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর মদনমোহনবাড়ির মাঠে পুজো ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। পুরোহিত শিবকুমার চক্রবর্তী ও রতন কুমার ভট্টাচার্য পুজো ও যজ্ঞ পরিচালনা করেন, যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসকও। দীর্ঘক্ষণ পুজো চলার পর তিথি মেনে প্রথমে রাসচক্র ঘোরান তিনি।
ইতিহাস বলছে, রাজ আমলে স্বয়ং মহারাজারা প্রথমে এই রাসচক্র ঘোরাতেন। বর্তমানে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি হিসেবে জেলাশাসক সেই দায়িত্ব পালন করেন। রাসচক্র ঘোরানোর পর প্রবেশদ্বারের ফিতে কেটে তা সাধারণের জন্য খুলে দেন তিনি। এরপরে বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষারত হাজারো ভক্ত মন্দিরে প্রবেশ করেন।
কোচবিহারের রাস উৎসব কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, এটি জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বড় পরিচয়। প্রতিবছর এই বিশেষ দিনটির অপেক্ষায় থাকেন কোচবিহারসহ আশপাশের এলাকার বহু মানুষ। মদনমোহনকে কেন্দ্র করে চলা এই উৎসবকে ঘিরে প্রতিবছরই বিপুল জনসমাগম হয়। রাস উৎসবের সূচনার সঙ্গে সঙ্গেই আগামী কয়েকদিন উৎসবের আমেজে মেতে উঠবে গোটা কোচবিহার।