বাস ভাড়া নিয়ে বড় ইঙ্গিত মন্ত্রীর, মহিলাদের ফ্রি টিকিটে কড়া ফাঁদ—কী সিদ্ধান্ত?

পরিষেবা উন্নত করতে গেলে বাস ভাড়া বাড়ানোর পক্ষে সওয়াল করলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। পাশাপাশি, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগকে ঘিরে ভুয়ো বুকিং ঠেকাতে কড়া নিয়ম আনার বার্তাও দিয়েছেন তিনি।
মন্ত্রী জানিয়েছেন, মহিলাদের জন্য আসন সংরক্ষণের অপব্যবহার রুখতে নতুন ব্যবস্থা নিচ্ছে পরিবহণ দফতর। তাঁর কথায়, আগামী দিনে মহিলাদের জন্য সংরক্ষিত টিকিটের মাত্র ৩০ শতাংশ অনলাইনে বুক করা যাবে, বাকি টিকিট বাসস্ট্যান্ড থেকে কাটতে হবে। পাশাপাশি এমন একটি অ্যাপ আনার কথাও ভাবা হচ্ছে, যার মাধ্যমে একই আধার কার্ড ব্যবহার করে তিনবারের বেশি মহিলাদের সংরক্ষিত টিকিট কেটে যাত্রা বাতিল করা হলে চতুর্থবার আর সেই আধার কার্ডে টিকিট মিলবে না। অর্থাৎ, ভুয়ো বুকিং করে যাত্রা না করলে সংশ্লিষ্ট সিস্টেমটি ৬ মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
পুজোর আগে থেকেই বাস ভাড়া বাড়ানোর দাবিতে বেসরকারি বাস সংগঠনগুলি পরিবহণ মন্ত্রীর দ্বারস্থ হচ্ছিল। অবশেষে ভাড়া বৃদ্ধির ইঙ্গিত মিলল তাঁর বক্তব্যে। তিনি জানান, বেসরকারি বাস মালিকদের আবেদনের ভিত্তিতে সমীক্ষা শুরু করছে পরিবহণ দফতর। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুধু বেসরকারি বাস নয়, পরিষেবার মানোন্নয়ন ও আধুনিক পরিকাঠামো তৈরির স্বার্থে সমান্তরালভাবে সরকারি বাসের ভাড়াও কিছুটা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।
অর্জুন সিং জানান, বেসরকারি বাস অপারেটররা ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার দাবি জানিয়ে আবেদন জমা দিয়েছেন। তাঁর মতে, কেবল সরকারি পরিবহণের উপর নির্ভর করে গোটা রাজ্যে ভালো পরিষেবা দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে বেসরকারি অপারেটরদের সহযোগিতা প্রয়োজন।
ডিজেল, যন্ত্রাংশের দাম এবং চালকদের বেতন বেড়ে যাওয়ায় ১৮ টাকার দাবি সরাসরি মেনে না নিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে সমীক্ষা করে তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি। মন্ত্রীর বক্তব্য, ভালো পরিষেবা দিতে হলে সরকারি ও বেসরকারি—উভয় ক্ষেত্রেই ভাড়া বাড়ানো জরুরি। তবে সরকারি বাস বা সম্পত্তির অপব্যবহার কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
রেল পরিষেবার উদাহরণ টেনে মন্ত্রী বলেন, স্টেশন, ট্রেনের সংখ্যা ও পরিষেবা উন্নত হওয়ায় রেলে মাঝেমধ্যেই ভাড়া বাড়ে। একইভাবে বাস পরিষেবা উন্নত করতে এবং বাসস্ট্যান্ডে এসি বসাতে হলে বাস ভাড়া বাড়াতে হবে, কারণ এসি চালাতে বিদ্যুতের খরচ অনেক বেশি।
পরিবেশের কথা মাথায় রেখে সরকারি বাসেও এসি রাখার পক্ষে মত দিয়েছেন তিনি, যার ফলে ইলেকট্রিসিটি বিলও বাড়বে। সম্প্রতি রাজ্যে ১৪৭টি গ্রিন এনার্জি বাস আনার ব্যবস্থা হয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে। পরিষেবা ও বাসের সংখ্যা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই ভাড়া বাড়বে বলে জানিয়েছেন তিনি।
তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অর্জুন সিং বলেন, আগের জমানায় পরিবহণ দফতর ভেঙে পড়েছিল। নতুন সরকারের বয়স মাত্র ৬ মাস হলেও ইতিমধ্যে একাধিক নতুন সরকারি বাস রাস্তায় নেমেছে এবং আগামী দিনে আরও ১৫০টি নতুন বাস নামানো হবে বলে দাবি করেছেন তিনি।